যৌন হয়রানি: রাবি অধ্যাপক কামরুল বাধ্যতামূলক অবসরে
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক কামরুল হাসানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় বলে সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
আওয়ামী লীগপন্থী হলুদ প্যানেল থেকে ২০১৪-১৫ মেয়াদে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ছিলেন ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক কামরুল হাসান।
২০১৪ সালের ২১ অক্টোবর ওই বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী অধ্যাপক কামরুলের বিরুদ্ধে ‘যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির’ কাছে লিখিত অভিযোগ করলে শুরু হয় তদন্ত।
মোবাইল ফোনে ‘আপত্তিকর প্রস্তাব দেওয়া ও হয়রানির’ অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ২০১৫ সালের ২৭ এপ্রিল কামরুল হাসানকে চাকুরিচ্যুত করার সুপারিশ করে তদন্ত কমিটি।
বিষয়টি সে সময় সিন্ডিকেট সভায় তোলা হলে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান পুনরায় তদন্তের দাবি জানান। এর প্রেক্ষিতে কোষাধ্যক্ষ সায়েন উদ্দিন আহমেদকে প্রধান করে চার সদস্যের ‘রিভিউ কমিটি’ করা হয়।
পুনরায় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর রিভিউ কমিটি ‘বয়স ও শিক্ষকের সম্মানের’ বিষয়টি বিবেচনায় নিয়ে অধ্যাপক কামরুলকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সুপারিশ করে, যা বৃহস্পতিবার রাতে সিন্ডিকেটের সভায় ওঠে।
অধ্যাপক আমজাদ বলেন, “সিন্ডিকেটে এ নিয়ে দীর্ঘ আলোচনা হয়। সব দিক বিবেচনায় নিয়ে উপ-উপাচার্য ছাড়া বাকি সব সদস্য অধ্যাপক কামরুল হাসানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে একমত হন।”
অধ্যাপক সারওয়ার জাহান এ বিষয়ে দ্বিমত পোষণ করে ‘নোট অব ডিসেন্ট’ দেন বলে জানান তিনি।
এ বিষয়ে উপ-উপাচার্য সারওয়ার জাহান বলেন, “বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ ভালো রাখার জন্যই উচ্চ আদালতের নির্দেশে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ অভিযোগ কমিটি গঠন করা হয়। কিন্তু ওই কমিটি বিধি মোতাবেক তাদের কার্যক্রম চালায়নি। কোন অপরাধে কী শাস্তি হবে- তাও নীতিমালায় স্পষ্ট উল্লেখ নেই।
“এ ছাড়া কমিটির অনেক সদস্য মেয়াদ শেষ হওয়ার পরও কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন, যা ঠিক হয়নি। তাই সিন্ডিকেটে নোট অব ডিসেন্ট দিয়ে একটি স্বচ্ছ কমিটি গঠনের কথা বলেছি।”
এ বিষয়ে অধ্যাপক কামরুল হাসান মজুমদারের বক্তব্য জানতে তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
