পাচারের চেষ্টা: সাতক্ষীরা সীমান্ত থেকে স্কুলছাত্র উদ্ধার
সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে এক শিশুকে উদ্ধার করে পুলিশ জানিয়েছে, তাকে ‘ভারতে পাচার’ করা হচ্ছিল।
সাতক্ষীরা সদর থানার ওসি ইমদাদুল হক শেখ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে ওই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
মুন্না হোসেন নামের ছয় বছরের শিশুটি আশাশুনি উপজেলার কুন্দুড়িয়া গ্রামের মতিয়ার মেম্বারের ছেলে। স্থানীয় কুন্দুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে সে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহাসাগর কুমার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের বিভাস কুমারের ছেলে বলে জানিয়েছেন ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পারিবারিক পরিচয়ের সূত্র ধরে মুন্নাদের বাড়িতে যাতায়াত ছিল মহাসাগরের। গত বৃহস্পতিবার নতুন জামা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে মুন্নাকে বাড়ি থেকে ‘ডেকে নিয়ে যান’ তিনি।
“সাতক্ষীরা শহরে এক বন্ধুর বাড়ি নিয়ে যাবে বলে সে মুন্নাকে নতুন জামা কিনে দেয়। এরপর তাকে তলুইগাছা সীমান্তে নিয়ে যায়।”
মুন্না চিৎকার করে কাঁদতে শুরু করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে মহাসাগরকে আটক করে তারা পুলিশে সোপর্দ করে বলে জানান ওসি।
