২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিবি পরিচয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগ

ঢাকার কেরানীগঞ্জে গোয়েন্দা পরিচয়ে এক ব্যবসায়ীর পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2016, 10:07 AM

Updated : 12 Apr 2022, 01:54 AM

বৃহস্পতিবার বিকালে তিতাস গ্যাস অফিসের সামনে এ ঘটনা ঘটে বলে কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. মনিরুল জানান।

আজাহার আহম্মেদ নামের ওই ব্যবসায়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বিকালে শাহজালাল ইসলামী ব্যাংকের জিঞ্জিরা শাখা থেকে পাঁচ লাখ টাকা তুলে রিকশায় করে আগানগরে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের দিকে যাচ্ছিলেন তিনি।

পথে তিতাস গ্যাস অফিসের সামনে একটি সাদা রঙের মাইক্রোবাস রিকশার গতিরোধ করে এবং দুইজন লোক নেমে এসে ডিবি পুলিশের পরিচয় দিয়ে হাতকড়া পড়িয়ে ওই গাড়িতে তুলে নেয় বলে আজাহারের অভিযোগ।

“গাড়িতে তুলে আমার চোখ বেঁধে মারধর করতে থাকে। পরে আমাকেসহ গাড়ি নিয়ে ওই এলাকা ত্যাগ করে। আমার কাছে থাকা পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে সন্ধ্যার দিকে কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের প্রিয় প্রাঙ্গণ আবাসন প্রকল্প এলাকায় ফেলে চলে যায়।”

ওসি বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুরো বিষয়টি তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্ট চলছে।”