ওষুধ কোম্পানির কভার্ডভ্যানে ইয়াবা, আটক ২
কক্সবাজারের টেকনাফে একটি ওষুধ কোম্পানির কর্ভাডভ্যান থেকে ২০ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার বিকালে কক্সবাজার-টেকনাফ সড়কের দমদমিয়া চেকপোস্টে তল্লাশি চালিয়ে এ ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ।
আটকরা হলেন, উখিয়া উপজেলার রাজাপালং এলাকার জামাল উদ্দিনের ছেলে মো. মানিক মিয়া (২৬) ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চরপাড়া এলাকার মৃত সোলেমানের ছেলে মো. নুরুল ইসলাম (২৮)।
এ সময় ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত কভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।
বিজিবি আবুজার আল জাহিদ বলেন, গাড়িটি টেকনাফ থেকে ঢাকা যাচ্ছিল। দমদমিয়া চেকপোস্টে গতিরোধ করে তল্লাশি চালিয়ে চালক ও তার পাশের আসনে বসা ব্যক্তির পায়ের নিচে বিশেষ কৌশলে স্কচটেপ মোড়ানো অবস্থায় দুটি বড় প্যাকেট পাওয়া যায়।
“ওই প্যাকেট খুলে ২০ হাজার ইয়াবা পাওয়া যায়।”
উদ্ধার ইয়াবার মূল্য ৬০ লাখ টাকা বলে জানান তিনি।
