২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে স্কুলছাত্র হত্যায় ৪ জনের ফাঁসির রায়

বারো বছর আগে এক স্কুলছাত্রকে হত্যার মামলায় দুই সহোদরসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে গাজীপুরের একটি আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 04:56 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভুইয়া এ রায় দেন।

ওই সময় দণ্ডিত তিন জন এবং খালাসপ্রাপ্ত দুই জন আদালতে উপস্থিত ছিলেন।  

দণ্ডিতদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়। এছাড়া আরেকটি ধারায় তাদের প্রত্যেককে সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডিতরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলের হাড়ীরবাড়ির টেক এলাকার আফজাল হোসেন সরকারের ছেলে জামান সরকার (৪২), একই এলাকার মো. হামিদ ভুইয়ার ছেলে মো. শাকিল ভুইয়া (৪২), তার ভাই মো. ইকবাল হোসেন ভুইয়া (৪০) এবং কুড়িগ্রামের বাজারহাটের লতাবর গ্রামের মুজিবুর রহমানের ছেলে আবু সায়েম (৪০)।

তাদের মধ্যে আবু সায়েম পলাতক রয়েছেন।

মামলার বরাত দিয়ে আদালত পরিদর্শক মো. রবিউল ইসলাম বলেন, আফজাল হোসেন সরকারের ছেলে জামান সরকার স্থানীয় ভাদুন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মামুনের (১৫) বোনকে বিয়ের প্রস্তাব দেয়।

“কিন্তু মামুনের পরিবার ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এর জেরে ২০০৪ সালের ১০ অগাস্ট ভোরে মামুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় জামান।”

এর তিন দিন পর একই এলাকায় একটি বাড়ির শৌচাগারের ট্যাংক থেকে মামুনের দুই হাত, দুই পা রশি দিয়ে বাঁধা, গলায় কাপড় পেঁচানো, চোখ উপড়ানোর গলিত লাশ পাওয়া যায় বলে মামলায় বলা হয়।  

পরিদর্শক রবিউল বলেন, ওই রাতে নিহতের বাবা মো. হাসান খন্দকার বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেন।

সিআইডির পরিদর্শক সুলতান মাহমুদ তদন্ত শেষে ৭ জনের বিরুদ্ধে আদালতে ২০০৬ সালের ১১ মার্চ অভিযোগপত্র দাখিল করেন বলে জানান তিনি।

খালসপ্রাপ্তরা হলেন হাড়ীরবাড়ির টেক এলাকার আফজাল হোসেন সরকার (৬৫), তার ছেলে উজ্জল সরকার (৩৭) এবং একই এলাকার ইদ্রিস আলী খানের ছেলে সুমন খান (৩৮)।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি মো. আতাউর রহমান খান ও আসামিপক্ষের অ্যাডভোকেট মো. আব্দুর রশিদ শুনানিতে অংশ নেন।