পুলিশ পরিচয়ে ছিনতাই, সিসি ক্যামেরার সাহায্যে হোতা গ্রেপ্তার
মাগুরায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণের পর এক লাখ টাকা ছিনতাইয়ের হোতাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে ফরিদপুরের নগরকান্দা ও ভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন চক্রের হোতা হেমায়েত ও মাইক্রোবাস চালক লালন। হেমায়েতের বিরুদ্ধে ফরিদপুর, নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন থানায় সাতটি অপহরণ, ডাকাতি, অস্ত্র ও ছিনতাইয়ের মামলা রয়েছে।
পুলিশ সুপার জানান, গত ১৯ এপ্রিল দুপুরে শালিখার কাঠ ব্যবসায়ী খলিলুর রহমান মাগুরার একটি ব্যাংক থেকে এক লাখ টাকা তুলে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।
“মাগুরা-যশোর সড়কের কাটাখালী-জাগলা এলাকায় হেমায়েত ও তার সহযোগীরা একটি কালো মাইক্রোবাস নিয়ে তার গতিরোধ করে এবং ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে গাড়িতে তুল নেয়।”
পরে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে তাকে মাগুরা শহরতলীর শিমুলিয়া এলাকায় ফেলে যায় বলে জানান এসপি।
তিনি বলেন, এ ঘটনায় ওই দিনই খলিলুর সদর থানায় মামলা করেন। এই মামলার পর পুলিশ মাগুরা হাইওয়ের বিভিন্ন স্থানে লাগানো সিসি ক্যামেরার মাধ্যমে ছিনতাইকারী চক্রের ব্যবহৃত মাইক্রোবাস শনাক্ত করে। এরপর নগরকান্দা ও ভাঙ্গায় অভিযান চালানো হয়।
