শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় মা-ছেলে নিখোঁজ
নারায়ণগঞ্জ শহরের নদীবন্দরের কেন্দ্রীয় খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে মা ও ছেলে নিখোঁজ হয়েছে।
বুধবার রাত ৮টার এ ঘটনায় সেতু বেগম ও তার ছেলে সাফিন (৩) নিখোঁজ হয় বলে নারায়ণগঞ্জ নৌপুলিশের এসআই আবু তাহের জানান।
এসআই প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্দর রেলিবাগান এলাকার চান মিয়া তার স্ত্রী সেতু ও ছেলে সাফিনকে নিয়ে নারায়ণগঞ্জ শহরে ডাক্তার দেখানোর জন্য নৌকাযোগে নদী পার হচ্ছিলেন।
“এ সময় উত্তর দিক থেকে আসা একটি বাল্কহেড নৌকাটিকে ধাক্কা দিলে অন্যরা সাঁতরে তীরে উঠলেও সেতু ও সাফিন তলিয়ে যায়।”
রাত সাড়ে ১১টা পর্যন্ত নৌপুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালালেও নিখোঁজদের সন্ধান মেলেনি বলে এসআই জানান।
এদিকে উত্তেজিত জনতা রাতে নিষেধাজ্ঞা অমান্য করে বালুবাহী বাল্কহেড চলাচল করায় লাঠিসোটা নিয়ে বিক্ষোভ করেছে বলে স্থনীয়রা জানিয়েছে।
