বঙ্গবন্ধুকে নিয়ে অশ্লীল ভাষায় কবিতা লেখায় মামলা
বঙ্গবন্ধুকে নিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করে কবিতা লিখে ফেসবুকে প্রকাশের অভিযোগে লালমনিরহাটে মামলা হয়েছে।
আশরাফুজ্জামান মণ্ডল নামে এক মাদ্রাসা শিক্ষকের নামে সদর থানায় মামলা করেন জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক তন্ময় আহমেদ নয়ন।
সদর থানার ওসি এএইচএম মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাতে দায়ের করা মামলায় বাদী তন্ময় উল্লেখ করেছেন, বিবাদী আশরাফুজ্জামান গত ২৭ মার্চ বঙ্গবন্ধুর নামে অশ্লীল ভাষায় কবিতা লিখে ফেসবুকে প্রকাশ করেছেন।
বাদী তন্ময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় তিনি বঙ্গবন্ধুকে অবমাননা করায় উপযুক্ত বিচার দাবি করেছেন।
আশরাফুজ্জামান উত্তর গোবদা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও সদর উপজেলার পূর্ব সাপটানা এলাকার শহিদুল ইসলাম মণ্ডলের ছেলে।
মামলাটি তদন্ত করা হচ্ছে বলে ওসি মাহফুজুর জানিয়েছেন।
