২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চিঠি দিয়েও দেয়া হচ্ছে না ইজারা

পাবনার সাতবাড়িয়া ঘাট ইজারায় সর্বোচ্চ দরদাতাকে টাকা পরিশোধের চিঠি দিলেও তাকে কাজ না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সৈকত আফরোজ আসাদ

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 09:50 PM

Updated : 11 Oct 2022, 08:06 PM

পাবনা জেলা প্রশাসকে এ অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছেন পরিতোষ কুমার পাটনী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

১৪২৩ বাংলা সনের জন্য সাতবাড়িয়া ঘাট ইজারার জন্যে গত ১৪ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ দরপত্র আহ্বান করে।

ঘাট এলাকার নওয়াপাড়া গ্রামের পাটনী শ্রী পরিতোষ কুমার সরকার দুই লাখ ৮০ হাজার দিয়ে সর্বোচ্চ দর দাতা হন।

পাশের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাশপুর গ্রামের পাটনী রাম কুমার দাস ১ লক্ষ ২১ হাজার টাকা দর দিয়ে পরের অবস্থানে রয়েছেন।

গত ৪ এপ্রিল পাবনা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোহা. আব্দুর রফিক ঘাটের ১৪২৩ বাংলা সনের ইজারা মূল্য ও সরকারি পাওনাদি পরিশোধের জন্য পরিতোষকে চিঠি দেন।

তবে জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগে টাকা জমা দিতে গেলে টাকা জমা নেওয়া হয়নি বলে অভিযোগ করছেন পরিতোষ।

তিনি বলেন, “আমাকে ঘাটের ইজারা না দেওয়ার জন্যে বিভিন্ন ধরনের অপকৌশল করছেন স্থানীয় সরকার বিভাগ।

“স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আব্দুর রফিক আমাকে ডেকে নিয়ে দ্বিতীয় দরদাতা রাম কুমারের সাথে সমঝোতা করার প্রস্তাব দেন।

“বিষয়টি আমি মেনে না নিলে আমার টাকা আর জমা নিচ্ছেন না।”

দুপক্ষর সমঝোতার প্রস্তাব অস্বীকার করে উপপরিচালক আব্দুর রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দ্বিতীয় দরদাতা অভিযোগ দিলে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়।

“তদন্তে পরিতোষ পাটনী হলেও তার সাথে অপেশাদার মুসলিম সম্প্রদায়ের লোক থাকায় এই সমস্যার সৃষ্টি হয়েছে।”

পরিতোষকে টাকা জমা দেওয়ার চিঠি দেওয়ার পরে কেন তদন্ত করা হলো জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।

তিনি এই প্রতিবেদককে তার কার্যালয়ে যাওয়ার অনুরোধ জানান।

এ ব্যাপারে জানেন না উল্লেখ জেলা প্রশাসক রেখা রানী বালো বলেন, “খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ”