আমার হাতে রক্তের দাগ নাই: এরশাদ
জাতীয় পার্টির শাসনামলে কোনো মানুষকে হত্যা করা হয়নি বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ।
বুধবার পটুয়াখালীতে জেলা জাতীয় পার্টির সম্মেলনে তিনি বলেন, “জাতীয় পার্টির সময় কোনো মানুষকে হত্যা করা হয়নি। তাই আমার হাতে রক্তের কোনো দাগ নাই।”
বিএনপি ‘আন্দোলনের নামে বহু মানুষকে পুড়িয়ে হত্যা করায়’ দেশবাসী আর দলটিকে গ্রহণ করবে না মন্তব্য করে এরশাদ বলেন, “দেশের মানুষ বুঝতে পেরেছে বিএনপি কী করেছে। তাই তাদের কথা মানুষ বিশ্বাস করবে না।”
নির্বাচিত বিএনপি সরকারকে হটিয়ে ১৯৮২-র ২৪ মার্চ সামরিক শাসন জারি করেন এরশাদ। তার শাসনামলজুড়ে আন্দোলন দমনে বহু হতাহতের ঘটনা ঘটে।
তার আমলে সরকার পক্ষের হাতে হত্যাকাণ্ডের শিকারদের মধ্যে রয়েছেন জাফর, জয়নাল, দীপালি সাহা, সেলিম, দেলোয়ার, রাউফুন বসুনিয়া. জেহাদ, ডা.মিলন ও নূর হোসেন।
পটুয়াখালী শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জাতীয় পার্টির সম্মেলনে বক্তৃতাকালে বর্তমানে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এরশাদ।
তিনি বলেন, “মানুষ বাসা থেকে রাস্তায় বের হলে বাসায় ফিরতে পারবে কি না- তার কোনো নিশ্চয়তা নেই। দেশে ধর্ষণ, খুন, গুম, গুপ্তহত্যার মতো ঘটনা ঘটেই চলছে।”
সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ কলাপাড়া আসনের সাবেক এমপি আব্দুর রাজ্জাক খান ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের।
নেতা-কর্মীদের উদ্দেশে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “ছয় বছর জেলখানায় ছিলাম। আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু তা পারেনি।”
সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী-১ আসনের এমপি জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য শুনিল শুভ রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আলমীর হোসেন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. তারিকুজ্জামান মনি।
