বিপিসির ডিপো থেকে তেল উত্তোলন ‘হ্রাস’
‘মূল্য হ্রাস পেলে লোকসান হওয়ার আশঙ্কায়’ সিরাজগঞ্জের বাঘাবাড়ির যমুনা, পদ্মা ও মেঘনা পেট্রোলিয়ামের ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন কমে যাওয়ার দাবি করছে সংশ্লিষ্টরা।
সম্প্রতি জ্বালানি তেলের দাম কমানোর ব্যাপারে সরকারের বিবেচনার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিয়ন্ত্রণাধীন যমুনা, পদ্মা ও মেঘনা পেট্রোলিয়াম কোম্পানির সমন্বিত মনিটরিং সেলের আঞ্চলিক কার্যালয় রয়েছে বগুড়ায়।
বাঘাবাড়ি ডিপোতে জ্বালানি তেলের উত্তোলন, সরবরাহ এবং ডিলারদের নানা সুবিধা-অসুবিধাসহ মাঠ পর্যায়ে বাজার মনিটরিং করার দায়িত্ব এ সেলের কর্মকর্তাদের।
পাশাপাশি জেলা প্রশাসকের নেতৃত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বয়ে প্রতিটি জেলায় তদারকি কমিটি রয়েছে।
বাঘাবাড়িতে যমুনা ডিপোর ব্যবস্থাপক আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দাম কমানোর খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হলেও এখনও কমানো হয়নি।
“তাই লোকসানের ভয়ে ডিজেলসহ অন্যান্য জ্বালানি উত্তোলনের হার কমিয়ে দিয়েছে ডিলাররা।
“গত ২ এপ্রিল থেকে শুধু প্রয়োজনীয় জ্বালানি তেল উত্তোলন করে বিক্রি করলেও মজুত রাখতে অনীহা দেখাচ্ছে তারা।”
তিনি বলেন, তারা গত ১ এপ্রিল ৫ লাখ ৭৪ হাজার লিটার ডিজেল উত্তোলন করলেও ২ এপ্রিল তা ২ লাখ ৩২ হাজার লিটারে নেমে আসে। মঙ্গলবার (১৯ এপ্রিল) উত্তেলন হয় ৪ লাখ ৪৭ হাজার ২০০ লিটার।
মেঘনা ডিপোর ব্যবস্থাপক জালাল উদ্দিন বলেন, ডিলাররা আগে জ্বালানি তেল উত্তোলনের পর মজুদ করে রাখত; কিন্তু দাম কমানো হতে পারে এমন সংবাদে লোকসানের ভয়ে তারা কম উত্তোলন করছে।
“গত ১ এপ্রিল ডিলাররা ৬ লাখ ৬৭ হাজার লিটার ডিজেল উত্তোলন করলেও ২ এপ্রিল তা ২ লাখ ৪৪ হাজার লিটারে নেমে আসে।”
পদ্মার ব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন, “বাঘাবাড়ির প্রত্যেকটি ডিপোতে পর্যাপ্ত জ্বালানি মজুদ আছে। ডিলাররা না নিলে আমরা তাদের জোর করে দিতে পারি না।”
দাম বাড়বে জানলে ডিলারদের মধ্যে জ্বালানি তেলের জন্য কাড়াকাড়ি শুরু হয়; কিন্ত কমার সংবাদে তাদের মধ্যে অনীহা দেখা দিয়েছে বলে জানান আনোয়ার।
বগুড়ায় মেঘনার আঞ্চলিক কার্যালয়ে বিপিসির সহকারী মহা-ব্যবস্থাপক ওমর ফারুক নিয়াজী বলেন, “কেউ কি সহজে লোকসান দিতে চায়? উত্তোলন বাড়াতে আমরা ডিলারদের প্রতিনিয়ত চাপ দিচ্ছি, কিন্তু লোকসানের ভয়ে তারা নির্দেশনা মানছে না।”
বগুড়ার পদ্মার আঞ্চলিক কার্যালয়ে বিপিসির সহকারী মহা-ব্যবস্থাপক ও কন্ট্রোল সেলের প্রধান শেখ আল মামুন বলেন, ইরিগেশন চলবে আর মাত্র ১০/১২ দিন।
“বর্তমানে বিদ্যুৎ উৎপাদন বেড়ে যাওয়ায় কৃষক এখন আর শুধু ডিজেলের উপর নির্ভরশীল নন; যে কারণে ডিলারদের উত্তোলন কিছুটা কম হলেও ডিজেল নিয়ে হাহাকার নেই।”
সিরাজগঞ্জ জেলা পেট্রোল পাম্প পরিবেশক সমিতিরি সাধারণ সম্পাদক আব্দুল আজিজ শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতি ট্যাংকলরির ধারণ ক্ষমতা ৯ হাজার লিটার।
“সরকার যদি লিটার প্রতি ১০ টাকা দাম কমায় তাহলে লরি প্রতি আমাদের লোকসান গুনতে হবে ৯০ হাজার টাকা; যে কারণে আমরা মজুত না করে শুধু চাহিদা মেটানোর জন্য যা প্রয়োজন তাই উত্তোলন করছি।”
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এবং সার-বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব শেখ ওমর আলী বলেন, বিষয়টি জেলা প্রশাসকসহ কৃষি বিভাগ সার্বক্ষণিক মনিটরিং করছে।
“যদিও সেচের সময় আরও এক মাস আছে, ডিজেল নিয়ে আগের মতো এখন আর হাহাকার নেই।”
