২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আটকের পর র‌্যাবের গাড়ি থেকে ‘পালাতে গিয়ে’ মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে আটকের পর র‌্যাবের গাড়ি থেকে ‘পালাতে গিয়ে গাড়িচাপায়’ এক যুবকের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 12:53 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

র‌্যাব-১ এর উপসহকারী পরিচালক (ডিএডি) অপূর্ব কুমার চক্রবর্তী বলেন, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার আনসার রোড এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহত রাসেল (২১) শ্রীপুর উপজেলার গাড়ারন এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

ডিএডি অপূর্ব চক্রবর্তী বলেন, শ্রীপুরের বরমী এলাকা থেকে গত ফেব্রুয়ারি মাসে এক নারী নিখোঁজ হন। ওই ঘটনায় নিখোঁজ নারীর বোন শ্রীপুর থানায় জিডি এবং র‌্যাব-১-এ অভিযোগ করেন।

ওই অভিযোগের ভিত্তিতে র‌্যাব আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার বিকালে মো. রাসেল নামের ওই যুবককে আটক করে, বলেন অপূর্ব।

র‌্যাব কর্মকর্তা আরও বলেন, জিজ্ঞাসাবাদে রাসেল ও তার কয়েকজন বন্ধু মিলে ওই নারীকে ধরে নিয়ে ধর্ষণ ও হত্যার পর লাশ গুম করার কথা স্বীকার করেছেন।

“পরে তার দেওয়া তথ্যমতে বুধবার ভোররাতে তাকে নিয়ে অপর আসামিকে আটক এবং ওই নারীর লাশ উদ্ধার অভিযানে যায় র‌্যাব।”

ডিএডি অপূর্ব বলেন, পথে শ্রীপুরের আনসার রোড এলাকায় র‌্যাবের গাড়ির পিছন দিক থেকে কৌশলে লাফিয়ে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন রাসেল।

“ওই সময়ে পেছন দিক থেকে আসা একটি মালবাহী কভার্ডভ্যান চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনস্থলেই রাসেলের মৃত্যু হয়।”

পরে র‌্যাব লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান অপূর্ব।

শ্রীপুর থানার এএসআই আসাদুজ্জামান বলেন, এ ব্যাপারে শ্রীপুর থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।