‘অপহরণের’ ১০ দিন পর মিলল কলেজছাত্রের গুলিবিদ্ধ লাশ
চুয়াডাঙ্গায় এক কলেজ ছাত্রের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে, যাকে দশ দিন আগে ঝিনাইদহ থেকে অপহরণ করা হয়েছিল বলে পরিবারের অভিযোগ।
নিহত সোহানুর ইসলাম সোহান (১৭) ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার মহসিন আলীর ছেলে। কালিগঞ্জ শহীদ নূর আলী কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি।
বুধবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার ছুন্নাতলা মাঠে সোহানের লাশ পাওয়া যায় বলে সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান।
সোহানের পরিবারের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১০ এপ্রিল বিকালে কালিগঞ্জের ঈশ্বরবা জামতলা থেকে চার-পাঁচজন লোক সোহানকে জোর করে একটি ইজিবাইকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
সোহানুরের বিষয়টি জানিয়ে তার বাবা কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেন। এরপর গত ১৭ এপ্রিল তিনি ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করেন।
ওসি বলেন, “বুধবার সকাল ৯টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে ছুন্নাতলা মাঠ থেকে সোহানের লাশ উদ্ধার করা হয়। মাথায় গুলি করে তাকে হত্যা করা হয়েছে।"
সোহানের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
