২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজ ছাত্রীকে ‘উত্ত্যক্তের প্রতিবাদে হামলা’

গাজীপুরের কালিয়াকৈরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক কলেজ ছাত্রীর অভিভাবকদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 11:39 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

কালিয়াকৈর থানার এসআই মো. সানোয়ার হোসেন জানান, মঙ্গলবার সকালে উপজেলার জালশুকা বাজার এলাকায় হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

ওই এলাকার সোহাগ মিয়া, লিটন হোসেন, রাজন মিয়া, আজিজুল ইসলাম, মুনসের আলী, তমসের আলী, রানা আহম্মেদ, লোকমান হোসেন ও সাইফুল ইসলামসহ কয়েকজনের নামে এই অভিযোগ এসেছে।

এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোহাগ মিয়া, লিটন হোসেন ও সাইফুল ইসলাম এক ছাত্রীকে কলেজে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত বলে অভিযোগ।

“মঙ্গলবার দুপুরে ছাত্রীর অভিভাবকেরা এর প্রতিবাদ করলে তারা দা ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে ছাত্রীর চাচা হাজি মহসীন (৬৫), শওকত হোসেন (৪৮) ও শাজাহান মিয়াকে (৫০) আহত করার অভিযোগ আনা হয়েছে।”

এ বিষয়ে চাচা মহসীন মঙ্গলবার দুপুরে থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে এসআই জানান।

ইউএনও মোহাম্মদ সানোয়ার হোসেন বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি তদন্ত করতে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ওসি মো. আব্দুল মোতালেব মিয়া।