বরিশালের ৬ রুটে বাস চলাচল শুরু
পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি মারামারিকে কেন্দ্র করে বন্ধ থাকার ৩৪ ঘণ্টা পর বরিশালের সঙ্গে তিন জেলার ছয়টি রুটে বাস চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বাস চলাচল শুরু হয় বলে জানান রূপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন।
পরিবহন শ্রমিকদের মারামারিকে কেন্দ্র করে সোমবার সকাল ৮টা থেকে বরিশাল থেকে ঝালকাঠী, পিরোজপুর, মঠবাড়িয়া, পাথরঘাটা, ভাণ্ডারিয়া ও কাঠালিয়া রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
কাওসার হোসেন শিপন বলেন, দুপুরে প্রশাসনের সঙ্গে ঝালকাঠী এবং রূপাতলী বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন নেতাদের বৈঠক হয়।
“বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিকালে ঝালকাঠী বাস মালিক সমিতিতে দুই জেলার বাস মালিক ও শ্রমিকরা আলোচনায় বসে। আলোচনায় সব সমস্যার অবসান হওয়ায় বাস চলাচল শুরু হয়।”
