‘চুরি করতে গিয়ে’ কারারক্ষী নিহত
মুন্সীগঞ্জ শহরে এক কারারক্ষী ‘চুরি করতে গিয়ে’ ছাদ থেকে পড়ে মারা গেছে বলে পুলিশ জানিয়েছে।
মাসফিকুজ্জামান (৩২) সোমবার রাতে শহরের আয়কর ভবনের ছাদ থেকে পড়ে মারা যান, মুন্সীগঞ্জ সদর থানার ওসি ইউনুছ আলী জানান।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত এই কারারক্ষীর চুরি করার অভ্যাস ছিল। শরীয়তপুর কারাগারে থাকাকালে তার নামে চুরির অভিযোগ ছিল।
“আয়কর ভবনে চুরি করতে গেলে দারোয়ান তাকে দেখে ফেলে। এ সময় ছাদে উঠে বাথরুমের পাইপ বেয়ে নামতে গিয়ে নিচে পড়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
নিহত মাসফিক ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার টেঙ্গুরীপাড়া গ্রামের আব্দুল কাদির মিয়ার ছেলে।
জেল সুপার মোস্তাফিজুর রহমান জানান, মাসফিক ছয় মাস আগে শরীয়তপুর জেলা কারাগার থেকে সাময়িক বরখাস্ত হয়ে মুন্সীগঞ্জ কারাগারে সংযুক্ত হন। তবে তার কোনো দায়িত্ব ছিল না।
চুরির ঘটনায় আয়কর ভবনের প্রহরী মিজানুর রহমান লিখিত অভিযোগ দিয়েছেন এবং পুলিশ একটি অপমৃত্যুর মামলা দাখিল করেছে বলে ওসি জানান।
