পুনর্ভবায় নেমে ৩ কিশোরের মৃত্যু
দিনাজপুর শহরের পুনর্ভবা নদীতে ডুবে তিন কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ৪টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি শহরের বাঙ্গিবেচা ঘাট এলাকায় নদী থেকে তিন কিশোরের লাশ উদ্ধার করে বলে জানান দিনাজপুর কোতোয়ালি থানার ওসি একেএম খালেকুজ্জামান।
এরা হল ঘাসিপাড়া মহল্লার আফসার নান্নুর ছেলে সিরাজউদ্দিন নয়ন (১৫), একই বাড়ির ভাড়াটিয়া সাহাবুদ্দিনের ছেলে রাজ (১৫) ও ইকবাল হোসেনের ছেলে নাদিম (১৪)।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১টার দিকে শহরের বাঙ্গিবেচা ঘাট এলাকায় নদীতে নেমে ডুবে যায় এ তিন কিশোর। পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের দুজন ডুবুরী এসে ওই জায়গা থেকেই তিন জনের লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় সাজেদা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছেলে তিনটি পানিতে নামতে চাইলে নিষেধ করেছিলাম। পরে এসে দেখি একটি গাছের সঙ্গে তিনটি সাইকেল শিকল-তালা দিয়ে বাঁধা এবং তার উপরে তিনটি শার্ট রয়েছে।
“নদীতে কয়েকজন জেলের চিৎকারে জানতে পারি তারা পানিতে ডুবে গেছে।”
