২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফলবে ‘আড়াই লাখ টন’, তবু হাওরের কৃষক দুশ্চিন্তায়

মাঠের সোনালি দোলায় হাওরের কৃষকের জেগে ওঠা আশা ধানের দাম কম হওয়ায় নিরাশায় ডুবতে বসেছে।

লাভলু পাল চৌধুরী

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 01:23 PM

Updated : 11 Oct 2022, 08:06 PM

আগাম জাত ব্রি -২৮ ধান কাটার মধ্য দিয়ে হাওরাঞ্চলে বোরো ফসল তোলা শুরু হয়েছে। এখানে আড়াই লাখ মে. টন ধান ফলবে বলে ধারণা করছে কৃষি বিভাগ।

মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওরপাড়ের তেতুলিয়া গ্রামের কৃষক আব্দুল হামিদ ।

দুই একর জমিতে বোরো ধান আবাদ করেছেন তিনি ।এই আবাদ করতে স্থানীয় মহাজনের কাছ থেকে কিছু টাকা ঋণ করেছিলেন। পাওনা পরিশোধে ধান কাটকে না কাটতেই ধান বেচে দিতে হচ্ছে তাকে।

এসব কথা জানিয়ে তিনি বলেন, “সাড়ে চারশ’ টাকা মন দরে ধান বেচতে হচ্ছে। উৎপাদন খরচও প্রায় এরকমই হয়েছে।

“এক ফসলের আবাদ এখানে। ধানের বাজার না বাড়লে সারা বছর আমাদের না খেয়ে থাকতে হবে।”

একই উপজেলার গাগলাজুর গ্রামের কৃষক নুরুদ্দিন মিয়া বলেন, “বীজ-সার-তেলসহ কামলা খরচ দিয়ে এবারের ধান আবাদে লোকসান হচ্ছে। বাজার না বাড়লে কৃষক বাঁচবে না।”

সারা বছর তার সংসার কীভাবে চলবে তা নিয়ে চিন্তায় পড়েছেন তিনি।

তলার হাওরে তিন একর জমিতে ব্রি-২৮ জাতের ধান আবাদ করেছেন মদন উপজেলার ফতেপুর গ্রামের কৃষক চয়ন মিয়া ।

তিনি জানান, তার মতো অনেক কৃষকই ঋণের টাকায় আগাম জাতের ব্রি-২৮ ধান আবাদ করেন। পাওনাদারদের টাকা পরিশোধে বাধ্য হয়ে কম দামেই বেচে দিতে হচ্ছে তাদের ক্ষেতের ধান।

মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরি উপজেলার ধানক্ষেতগুলো হাওরে।এছাড়াও কলমাকান্দা ও আটাপাড়ায় কিছু জমি রয়েছে হাওরে।

সরজমিনে গিয়ে দেখা গেছে আব্দুল হামিদ ও নুরুদ্দিন মিয়াদের মতো এই পাঁচ উপজেলার হাওরপাড়ের সব কৃষকেরই প্রায় একই অবস্থা।

ছোট-বড় ৮২টি হাওর রয়েছে এ জেলায়। হাওরপাড়ের রাস্তার কিনায় বসে ব্যবসায়ীরা ধান কিনছেন।

মোহনগঞ্জের তেতুলিয়া গ্রামের সড়কের পাশে বসে কৃষকদের কাছ থেকে ধান কিনছেন ব্যবসায়ী আবুল হোসেন।

কৃষকদেরকে ধানের দাম এতো কম দিচ্ছেন কেন এই প্রশ্ন করলে আবুল হোসেন বলেন,  “সরকার ধান কিনছে না। চালকলের মালিকদের কাছেই ধান বেচতে হচ্ছে। এরাই প্রধান ক্রেতা। তারা দাম বেশি না দেওয়ায় কৃষকদের বেশি দাম দেওয়া যাচ্ছে না।”

কৃষকদের কাছ থেকে সরাসরি ধানের ক্রেতা সব ব্যবসায়ীরই একই কথা। বাজার না বাড়লে কৃষকদের তারা বেশি দাম দিতে পারবেন না।

গাগলাজুর বাজারের ধান ব্যবসায়ী মঞ্জিল মিয়া তার ব্যবসায়ী জীবনের অভিজ্ঞতার আলোকে বলেছেন, “সরকার ধান না কেনা নাগাদ বাজার বাড়বে না।”

নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিলাস চন্দ্র পাল জানান, জেলায় এবার বোরো আবাদ হয়েছে ১ লাখ ৮৫ হাজার ২৬০ হেক্টরেরও বেশি জমিতে। এর মধ্যে  হাওরে আবাদ হয়েছে ৪০ হাজার ২৮৫ হেক্টর জমিতে।

“ব্রি-২৯, ব্রি -২৮ সহ উফশি ও স্থানীয় জাতের ধান আবাদ হয়েছে। এর মধ্যে ব্রি-২৮ জাতের আগাম ধান কাটা শুরু হয়েছে। হেক্টর প্রতি ৫ দশমিক ৭/৬ টন করে ধান হচ্ছে। “হাওরে এ নাগাদ ৪০ শতাংশ জমির ধান কাটা হয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে নিচু এলাকা খালিয়াজুড়িতে কাটা হয়েছে আবাদের ৬০ শতাংশ।”

হাওরে পানি আসার আগেই সব ধান কাটা শেষ হবে বলে আশা করছেন তিনি।

তার আশা নেত্রকোণায় এবার শুধু হাওরাঞ্চলেই আড়াই লাখ মেট্রিক টনের বেশি ধান উৎপাদন হবে।

ধানের দাম কমের কারণে কৃষকদের লোকসানের ব্যাপারে তাদের তেমন কিছু করার নেই বলে জানান তিনি।