নীরবে কেটে গেল এক বীরশ্রেষ্ঠর মৃত্যুদিবস
জন্মস্থান ভোলায় কোনো অনুষ্ঠান ছাড়াই নীরবে কেটে গেল বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফার মৃত্যুদিবস।
জেলার বিভিন্ন দপ্তরে খোঁজ নিয়ে ১৮ এপ্রিল এই বীরশ্রেষ্ঠর মৃত্যুদিবস সংক্রান্ত কোনো অনুষ্ঠানের আলামত পাওয়া যায়নি।
জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা না পাওয়ায় কোনো স্মরণ সভা করা যায়নি।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মাহাবুবুল আলম নিরব বীরশ্রেষ্ঠ মোস্তফার মৃত্যুদিবস উপলক্ষে ভোলায় কোনো স্মরণসভা না হওয়ায় মর্মাহত ও বিব্রত বলে জানান। একই অভিব্যক্তি জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আমির হোসেন বাচ্চুর।
মোস্তফা ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর ভোলার দৌলতখান উপজেলার পশ্চিম হাজীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৭১ সালের মার্চের মাঝামাঝি তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার দরুইন গ্রামে পাকবাহিনীর সাথে সম্মুখ সমরে ১৯৭১ সালের ১৮ এপ্রিল তিনি শহীদ হলে সেখানেই তাকে সমাহিত করা হয়।
তার বাবা সেনাবাহিনীর হাবিলদার মো. হাবিবুর রহমান ২০০৫ সালের ২০ সেপ্টেম্বর মারা যান। তার মা মালেকা বেগম রোগশোক নিয়ে বেঁচে আছেন। একমাত্র মেয়ে মুক্তিও এক দুর্ঘটনায় মারা গেছেন।
ভোলা পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনাল এই বীরশ্রেষ্ঠর নামে হলেও পৌর কর্তৃপক্ষ কোনো স্মরণ সভা করেনি।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু বলেন, “যদি আগে জানতাম ১৮ এপ্রিল তার মৃত্যুদিবস তাহলে অবশ্যই স্মরণ সভা করত পৌরসভা।”
