রডের বদলে বাঁশ: দুইজন বরখাস্ত
গাইবান্ধা সদর উপজেলায় টয়লেট নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের ঘটনায় প্রকৌশলীসহ দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ সংক্রান্ত চিঠি সোমবার বিকেলে গাইবান্ধায় আসে বলে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম চৌধুরী জানান।
মেঘডুমুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট নির্মাণে দুর্নীতির ঘটনায় বরখাস্তকৃতরা হলেন উপ-সহকারী প্রকৌশলী এএসএম আরেফ বিল্লাহ ডাকুয়া (৪০) ও নলকুপ মেকানিক সাইফুল ইসলাম।
নির্বাহী প্রকৌশলী আমিনুল সাংবাদিকদের বলেন, রডের বদলে বাঁশ ব্যবহারের সত্যতা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ায় ঢাকার প্রধান প্রকৌশলী ওয়ালী উল্লাহ স্বাক্ষরিত চিঠিতে আরেফ বিল্লাহ ও সাইফুলকে বরখাস্ত করার কথা জানানো হয়েছে।
বিদ্যালয়ের শৌচাগার নির্মাণে ঢালাই কাজে লোহার রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনাটি ৮ এপ্রিল রাতে স্থানীয়রা জানতে পারেন।
সদর থানার ওসি মেহেদি হাসান জানান, এ ঘটনায় ১৩ এপ্রিল প্রকৌশলী আরেফ বিল্লাহ ও ঠিকাদার আব্দুল খালেককে (৪৪) আটক করা হয়। তারা কারাগারে রয়েছেন।
অপরদিকে সোমবার দুপুরে দুদক রংপুর বিভাগের সহকারী পরিচালক মো. জাকারিয়া বাদী হয়ে বরখাস্ত দুইজনকে আসামি করে গাইবান্ধা সদর থানায় মামলা করেছেন বলেও ওসি মেহেদী জানিয়েছেনে।
