২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলেকে ‘শ্বাসরোধে হত্যার’ পর মায়ের ‘আত্মহত্যা’

নাটোরের বড়াইগ্রামে পারিবারিক কলহের জেরে ছেলেকে ‘শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা করেছেন এক নারী।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 08:38 PM

Updated : 20 Aug 2022, 12:28 PM

সোমবার বেলা ১২টার দিকে উপজেলার চান্দাই ইউনিয়নের ভাণ্ডারদহ গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান।

নিহতরা হলেন ওই গ্রামের আব্দুল আলীমের স্ত্রী সেলিনা বেগম (২৮) ও তাদের ছেলে ফারদিন (০৫)।

সেলিনা একই গ্রামের আব্দুল হালিমের মেয়ে।

আনিসুর রহমান বলেন, আলীম ঢাকা বিমানবন্দরে চাকরি করেন। সে সুবাদে স্ত্রী ও জমজ সন্তান ফারদিন ও তাহসিনকে নিয়ে ঢাকায় থাকতেন।

“আর্থিক সংকটের কারণে এক সপ্তাহ আগে দুই সন্তানসহ তার স্ত্রীকে গ্রামের বাড়িতে রেখে যান আলীম। কিন্তু এ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সেলিনা।”

ইউপি চেয়ারম্যান বলেন, “এ নিয়ে বিবাদের জেরে সোমবার সকালে ফারদিনকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে এবং  আরেক ছেলেকে ধরতে না পেরে নিজে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।”

আব্দুল আলীম বলেন, “বর্তমানে চাকরিতে ওভারটাইম না থাকায় আর্থিক সমস্যা দেখা দেয়। তাই স্ত্রী-সন্তানদের কিছুদিনের জন্য বাড়িতে রেখে এসেছিলাম। এর মধ্যেই যে সেলিনা এমন ঘটনা ঘটাবে তা কল্পনাও করিনি।”

বড়াইগ্রাম থানার ওসি মনির হোসেন বলেন, মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সেলিনার বাবা আব্দুল হালিম বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন।