২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষাট দশকের ফুটবলার মুক্তিযোদ্ধা খবির হোসেন আর নেই

ষাটের দশকের আলোচিত ফুটবল খেলোয়াড় মুক্তিযোদ্ধা খবির হোসেন বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 07:40 PM

Updated : 20 Aug 2022, 12:28 PM

সোমবার সকাল সাড়ে ৫টায় মাগুরা শহরের নান্দুয়ালীতে তার নিজ বাড়িতে তার মৃত্যু হয় বলে তার ছেলে সেলিম হোসেন জানিয়েছেন।

বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় নাজমুল হাসান লোভন বলেন, “কিংবদন্তী ফুটবলার খবির হোসেন ছিলেন এ অঞ্চলের ফুটবলের একজন অনন্য কারিগর। বহু বড় বড় ম্যাচ তিনি একক নৈপুন্যে গোল করে নিজের দলের পক্ষে জয় তুলে এনেছেন।”

তিনি জানান, ১৯৬২ সালে তিনি পূর্ব পাকিস্তান প্রাদেশিক পুলিশের ফুটবল দলের স্টাইকার ছিলেন।  পরে পাকিস্তান জাতীয় দলে অন্তর্ভুক্ত হন।

“এ সময় তিনি চীন, থাইল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলে নজর কাড়েন। খবির কলকাতার ফুটবল লিগেও খেলেছেন।

‘গোল ম্যাশিন হিসেবে খ্যাত’ স্ট্রাইকার হিসেবে ঢাকার ওয়ারী, আজাদ ক্লাব ও  খুলনা বিভাগীয় দলের হয়েও খেলেছেন তিনি।

স্কুলজীবনে ১৯৫৯ সালে তার একক নৈপুণ্যে যশোর মডেল স্কুল পূর্ব পাকিস্তান আন্তঃস্কুল ফুটবলে চ্যাম্পিয়ন হয়।

তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে মাগুরা-২ আসনের এমপি ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার, মাগুরা-১ আসনের এমপি মেজর জেনারেল (অব) আব্দুল ওয়াহাব, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর,  মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল, ইয়াং স্টার একাডেমির পিরিচালক সৈয়দ বারিক আনজাম, ক্রিকেট একাডেমির পরিচালক সৈয়দ সাদ্দাম হোসেন শোক প্রকাশ করেছেন।

সোমবার বিকালে শহরের নোমানী ময়দানে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।