গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার
ফেনীর সোনাগাজীতে এক গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ুন কবীর জানান, রোববার মধ্যরাতে উপজেলার চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরদরবেশ আদর্শগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ হোসেন (৪০) ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি ওই গ্রামের সাইদুল হকের ছেলে।
ওই নারীর ভাই জানান, রোববার মধ্যরাতে তার বোন (৫০) শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা মোহাম্মদ হোসেন তাকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন বেরিয়ে এসে হোসেনকে আটক করে পিটুনি দিয়ে বেঁধে রাখে।
“পরে আদর্শগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই গোলাম জিলানী ঘটনাস্থলে এসে তাকে আটক করে থানায় নিয়ে যান।”
ওসি বলেন, এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে হোসেনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
“আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।”
