২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে যুবদল নেতা খুন

ফেনীর সোনাগাজীতে স্থানীয় এক যুবদল নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 01:56 PM

Updated : 20 Aug 2022, 12:28 PM

নিহত নুর হোসেন সবুজ (৩৫) উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরসাহা ভিখারী গ্রামের শাহাব উদ্দিনের ছেলে এবং চরদরবেশ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবীর বলেন, রোববার রাতে উপজেলার চরদরবেশ ইউনিয়নের কেরামতিয়া বাজারে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয়রা সবুজকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতে ফেনী জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

“সোমবার ভোরে সবুজের অবস্থার আরও অবনতি হলে সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

ওসি বলেন, “নিহতের মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

এদিকে এ হত্যাকাণ্ডে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।

চরদরবেশ ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক আজাদ বলেন, রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কর্মী খোকন, জুয়েল, শাহজাহানসহ ১০/১২ সন্ত্রাসী সবুজের গতিরোধ করে।

“তারা সবুজকে গালমন্দ করে ও বেধড়ক পিটিয়ে সড়কের পাশে ফেলে পালিয়ে যায়।”

এর আগেও বেশ করেকবার হামলাকারীরা সবুজকে হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন আযাদ।

এ ব্যাপারে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভুট্টো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দলের কেউ এ ঘটনায় জড়িত নয়। ব্যক্তিগত কারণে কেউ জড়িত থাকলে তার দায় দল নেবে না। 

এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি বলে ওসি হুমায়ুন জানান।