ছেলেকে কুপিয়ে জখম, খবর শুনে বাবার মৃত্যু
গাজীপুর সদরে ছেলেকে কুপিয়ে জখম করার খবর শোনার পর মারা গেছেন বাবা।
রোববার ভাওয়ালগড় ইউনিয়নের সিংড়াতলী এলাকায় মারা যান গিয়াস উদ্দিন।
গিয়াস উদ্দিনের ছেলে ফাইজুদ্দিনকে (২৬) ধারালো অস্ত্রের আঘাতে আহত করার অভিযোগে ভাতিজাকে আটক করেছে পুলিশ।
ভাওয়ালগড় ইউনিয়নের কমিউনিটি পুলিশের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. মোসলেম শেখ বলেন, দুপুরে একটি বিরোধপূর্ণ জমিতে ধান কাটছিলেন আতাবুদ্দিন। খবর শুনে গিয়াস উদ্দিনের ভাতিজা ফাইজুদ্দিন তাকে ধান কাটতে বাধা দেন।
“এ সময় আতাবুদ্দিন তার হাতে থাকা ধারালো কাস্তে দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফাইজুদ্দিনকে গুরুতর আহত করেন।
“কিন্তু বাড়িতে ফাইজুদ্দিনের মৃত্যুর খবর পৌঁছে। এরপরই গিয়াস উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতেই মারা যান।”
স্থানীয় হোতাপাড়া ফাঁড়ির এসআই মো. নাজমুল হক ভুইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রক্তমাখা কাস্তেটি উদ্ধার ও আতাবুদ্দিনকে (৩৫) আটক করা হয়েছে।
আহত ফাইজুদ্দিনকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে কোনো মামলা হয়নি বলেও তিনি জানান।
