স্কুলছাত্রীর আত্মহত্যা: ২ শিক্ষক গ্রেপ্তার, মামলা
ঢাকার সাভারে শিক্ষকের বকুনির পর দশম শ্রেণির এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় তার স্কুলের দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার মধ্যরাতে বনপুকুর এলাকার নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান সাভার মডেল থানার এসআই মোফাজ্জেল হোসেন।
এরা হলেন সাভারের চাইল্ড ফেয়ার হেভেন কমার্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এসএম আসাদুজ্জামান শাকিল (৩২) ও আবু রায়হান (৩৪)।
এদিকে ঘটনায় রোববার ভোরে স্কুলের অধ্যক্ষ ও এই দুই জনসহ চার শিক্ষককে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানা একটি মামলা করেছেন মেয়েটির মা ফুলতারা বেগম।
অন্য দুই আসামি হলেন অধ্যক্ষ কাবুল মিয়া (৫০) ও শিক্ষক দুলাল (৩৫)।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোফাজ্জেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের হেফাজতের (রিমান্ড) আবেদন করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
মামলার বরাত দিয়ে তিনি বলেন, সোনালী আক্তার সোনিয়া (১৬) চাইল্ড ফেয়ার হেভেন কমার্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণি বাণিজ্যিক বিভাগের ছাত্রী ছিল।
“শনিবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য গেলে আসামিরা সোনিয়ার কাছে তিন মাসের বকেয়া বেতন দাবি করেন এবং টাকা না দিলে পরীক্ষায় অংশ নিতে দেবে না বলে জানান।
“তখন সোনিয়া পাঁচশ’ টাকা দিয়ে বাকি টাকা পরে দেওয়ার কথা বললে তারা তাকে বকুনি দিয়ে স্কুল থেকে বের করে দেয়।”
এ ঘটনার পর বাড়ি ফিরে ‘অপমান ও লজ্জায়’ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে সোনিয়া আত্মহত্যা করে বলে মামলায় অভিযোগ করা হয়, বলেন এসআই মোফাজ্জেল।
