২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বেতন না দিতে পারায় শিক্ষকের বকুনি খেয়ে’ স্কুলছাত্রীর আত্মহত্যা

সাভারে ‘স্কুলের বেতন পরিশোধ করতে না পারায় শিক্ষকের বকুনি খেয়ে লজ্জায়’ এক স্কুলছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2016, 09:22 PM

Updated : 20 Aug 2022, 12:27 PM

শনিবার দুপুরে পৌর এলাকার আড়াপাড়া মহল্লা বাসা থেকে সোনিয়া আক্তার সোনালির (১৬) লাশ উদ্ধার করা হয় বলে সাভার মডেল থানার এসআই তন্ময় কুমার বিশ্বাস জানান।

সোনিয়া ঠাকুরগাঁও জেলার হরিপুর থানা এলাকার বাসিন্দা আকবর আলীর মেয়ে ও সাভারের বনপুকুর এলাকার চাইল্ড হেভেন স্কুলের দশম শ্রেণির ছাত্রী।

নিহত সোনালির মা ফুলতারা বেগমের বরাত দিয়ে এসআই তন্ময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনালি তার স্কুলের বকেয়া তিন মাসের বেতন পরিশোধ করতে না পারায় অধ্যক্ষ মো. কাবুল মিয়া তাকে পরীক্ষা দিতে না দিয়ে বকাঝকা করে স্কুল থেকে বের করে দেন।

“পরে সে বাড়ি ফিরে তার মাকে জানালে তিনি টাকা জোগাড় করতে বাইরে যান। দীর্ঘ সময়েও তিনি না আসায় সোনালি নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।”

প্রতিবেশীরা ঘরের জানালা দিয়ে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয় বলে এসআই জানান।

সোনালি তার পোশাক শ্রমিক মায়ের সাথে ভাড়া বাসায় থাকত। দুই মাস ধরে মা ফুলতারার চাকরি নেই। কষ্টে দিন চলছিল।

বিষয়টি জানতে ওই স্কুলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। স্কুলের মূল ফটকে তালা ঝুলতে দেখা গেছে। অধ্যক্ষ কাবুল মিয়ার মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।

ওসি মো. কামরুজ্জামান বলেন, তদন্ত করে অভিযুক্ত অধ্যক্ষর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।