মাদারীপুরে আ. লীগের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, ফের সংঘর্ষ
ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মাদারীপুরের মোস্তফাপুরে জয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ এক যুবকের মৃত্যু হয়েছে।
মাদারীপুর মডেল থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, শনিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জুয়েল মল্লিক (২৮) নব নির্বাচিত আওয়ামী লীগের চেয়াম্যান প্রার্থী কুদ্দুস মল্লিকের ভাতিজা। তার বাড়ি ইউনিয়নের দক্ষিণ খাগছাড়া গ্রামে।
এদিকে জুয়েলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুপক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পড়লে দুজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছেন ওসি জিয়াউল।
এরা হলেন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শওকত হোসেন ও আজগর মাতুব্বর। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে ৩১ মার্চ দ্বিতীয় ধাপের ভোটে জয়-পরাজয় নিয়ে দ্বন্দ্বের জেরে বিজয়ী প্রার্থী কুদ্দুস মল্লিক ও বিদ্রোহী প্রার্থী সোহরাব খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে জুয়েলসহ ছয় জন গুলিবিদ্ধ হয়।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবার সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
