২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগ নেতার বিরুদ্ধে প্রকৌশলীকে মারধরের অভিযোগ

কুষ্টিয়ায় মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা নির্মাণে বাধা দেওয়ায় প্রকৌশলীর উপর হামলা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2016, 09:56 PM

Updated : 20 Aug 2022, 12:27 PM

শনিবার দুপুরে শহরের মজমপুর গেটে বঙ্গবন্ধু ম্যুরালের পাশে এ ঘটনা ঘটে।

শহর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ মালিথার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার।

প্রকৌশলী জিয়াউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতি সওজ ও বিটিসিএল অফিসের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সেই জায়গায় দোকান ঘর নির্মাণ করছিল কিছু লোকজন।

“এ সময় নির্মাণ শ্রমিকদের কাজ বন্ধের নির্দেশ দেওয়া হলে আলতাফ ও তার লোকজন আমাদের উপর হামলা করে।”

বিষয়টি জেলা প্রশাসকসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অবহিত করেছেন বলে তিনি জানান।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ফল ব্যবসায়ী কালাম বলেন, “কিছুদিন আগে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন। সেখানে স্থাপনা নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দিলে আলতাফ ও তার লোকজন অফিসারদের উপর হামলা চালিয়ে মারধর করলে কর্মকর্তারা দ্রুত স্থান ত্যাগ করে চলে যান।”

এ বিষয়ে আলতাফ মালিথা বলেন, “বৈধভাবেই সেখানে দোকান নির্মাণকাজ চলছিল। কাজ বন্ধ করতে বলায় সওজের কর্মকর্তাদের সাথে কিছু বাকবিতণ্ডা হয়েছে।”

হামলা বা লাঞ্ছিত করার ঘটনা ঠিক নয় বলে তিনি দাবি করেন।

পুলিশ সুপার প্রলয় চিসিম বলেন, ঘটনাটি তদন্ত করে যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনও হামলার সাথে জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।