২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থমন্ত্রীর সংবর্ধনার পর ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষ

সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সংবর্ধনা দেওয়ার পর সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই পক্ষ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2016, 09:50 PM

Updated : 11 Oct 2022, 08:05 PM

পুরনো খবর:

অর্থমন্ত্রীর সংবর্ধনাস্থলের কাছ থেকে বিপুল অস্ত্র উদ্ধার

শনিবার সন্ধ্যায় নগরীর রিকাবীবাজারে ‘দর্শন দেউড়ী’ ও ‘কাশ্মীর’ গ্রুপের ছাত্রলীগ কর্মীদের এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ জানান, বিকেলে কবি নজরুল অডিটোরিয়ামে স্বাধীনতা পদক পাওয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে সিটে বসা নিয়ে দুই ছাত্রলীগ কর্মীর মধ্যে কথা কাটাকাটি হয়।

‘অনুষ্ঠান শেষে বের হয়ে যাওয়ার পর উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ পরিন্থিতি নিয়ন্ত্রণে আনে।’

সংঘর্ষে মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুজেল তালুকদার ছুরিকাহত হয়েছেন। তকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

সংঘর্ষস্থল থেকে দুটি রাম দাসহ চার জনকে আটক করেছে পুলিশ।

এর আগে বিকেলে রিকাবীবাজার এলাকায় একটি সিএনজি অটোরিকশা থেকে ২৩টি রাম দা ও ছয়টি লোহার রড উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।