ঝড়ে সিলেটে বিদ্যুৎ বিপর্যয়
কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টিতে সিলেটের বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইন, বাড়ি ও সড়কের উপর গাছ উপড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের প্রকৌশলী নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কালবৈশাখী ঝড়ে সকাল ৭টা থেকে নগরী বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। সঞ্চালন লাইন থেকে গাছ সরিয়ে মেরামতের পর বেলা ২টা থেকে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
নয়াসড়কের বাসিন্দারা জানান, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি বিশাল গাছ স্কুলের সীমানা প্রাচীর ও পার্শ্ববর্তী একটি বাড়ির টিনের চালের উপর উপড়ে পড়েছে। এতে বাড়ির মালিক যুক্তরাজ্য প্রবাসী শামীম মিয়া আহত হয়েছেন।
নয়াসড়ক খ্রিস্টান মিশনেও ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ পড়ে মিশনের বেলি হাওলাদার ও সুরেশ দাসের ঘর ভেঙে পড়েছে। এতে আহত হয়েছেন জল বিশ্বাস নান্টু নামে মিশনের এক বাসিন্দা।
এছাড়া শাহী ঈদগাহে বিদ্যুতের তারের উপর গাছ উপড়ে পড়ে ওই এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়।
মিরাবাজারে বিদ্যুতের তারের উপর ভেঙে পড়েছে সাইনবোর্ড। এছাড়া নগরীর বাগবাড়ি, ইলেকট্রিক সাপ্লাই, টিলাগড়, মেজরটিলা ও ঘাসিটুলা এলাকায় ঝড়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইন ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
সিলেটের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে কালবৈশাখীর সাথে শিলাবৃষ্টি ও বজ্রপাত হয়েছে।
