সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক আহত হয়েছে।
শুক্রবার গভীর রাতে উপজেলার জমিনপুর সীমান্তে এ ঘটনা ঘটে বলে চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ জুনাইদ আলম খান জানান।
আহত মোয়াজ্জেম হোসেন (২২) উপজেলার জমিনপুর গ্রামের নাসির উদ্দীনের ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজিবি কর্মকর্তা বলেন, মোয়াজ্জেমসহ কয়েকজন শুক্রবার রাত ২টার পর জমিনপুর সীমান্ত দিয়ে ভারতে ঢোকে। সীমান্ত থেকে দেড়শ গজ ভেতরে ভারতের হাদিনগর এলাকায় পৌঁছলে ২৪ বিএসএফের চুড়িঅনন্তপুর ক্যাম্পের জোয়ানরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে মোয়াজ্জেম গুলিবিদ্ধ হয়।
“ভোরে সহযোগীরা তাকে উদ্ধার করে এনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।”
