২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সাভারে পৃথক দুর্ঘটনায় দুই জন নিহত; আহত হয়েছে আরও অন্তত ৫ জন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2016, 01:53 PM

Updated : 12 Apr 2022, 01:51 AM

শনিবার সকালে আশুলিয়ার বাইশমাইল ও কলমা এলাকায় এ দুর্ঘটনা বলে সংশ্লিষ্ট এলাকার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

নিহতরা হলেন আব্দুল মোমেন (২৮) এবং পোশাক শ্রমিক দিনাজপুরের হাকিমপুর থানার পাঠানপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে রুবেল মিয়া (২২)।

সাভার মডেল থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, আশুলিয়ার পূর্বসদরপুর সামিয়া গার্মেন্টসের একটি বাস সাভারের রেডিও কলোনি থেকে শ্রমিকদের নিয়ে যাচ্ছিল।

“পথে কলমা এলাকায় আরেকটি বাসকে পাশ কাটাতে গেলে দরজায় দাঁড়িয়ে থাকা রুবেল ছিটকে বাসের নিচে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

এ সময় আরও পাঁচ শ্রমিক আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান ওসি।

আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির বলেন, সকালে আশুলিয়ার বাইশমাইল বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় বাস চাপায় আব্দুল মোমেন নিহত হন।

তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি ওসি।

ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।