বাস পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় ‘দুর্বৃত্তরা’ বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. হাসিবুর রহমান জানান।
স্টেশন কর্মকর্তা এলাকাবাসীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কালিয়াকৈর-গাজীপুর রুটের কেপি পরিবহনের একটি বাস যাত্রী নামিয়ে দাঁড়িয়ে থাকার সময় দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়।
“পরে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ৪০ মিনিটের চেষ্টায় আগুন নেভায়।”
বাসটির আসনগুলো সব পুড়ে গেছে বলে তিনি জানান।
এ বিষয়ে জয়দেবপুর থানার ওসি খন্দকার মো. রেজাউল হাসান রেজা বলেন, বাসে আগুন দেওয়ার খবর শুনেছি। তবে এটা নাশকতা কি না তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।
