২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মৈত্রী পানি বর্ষণে মাতোয়ারা তরুণ-তরুণীরা

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে হয়ে গেল মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পানি খেলা। এটি বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা তরুণ-তরুণীদের উৎসব হলেও পাশাপাশি অন্য আদিবাসী জনগোষ্ঠী ও দেশি-বিদেশি অনেক পর্যটক এতে অংশগ্রহণ করে।

বান্দরবান প্রতিনিধি

রাঙামাটি ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2016, 09:55 PM

Updated : 11 Oct 2022, 08:05 PM

পাহাড়ে বিভিন্ন নৃগোষ্ঠীর পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানানোর উৎসব হয় স্থানভেদে পাঁচদিন পর্যন্ত, যা শুরু হয়েছে গত মঙ্গলবার। শেষ হবে শনিবার।

চাকমা, মারমা, ত্রিপুরাসহ বিভিন্ন জনগোষ্ঠীর উৎসবগুলো হলো বিজু, সাংগ্রাই, বৈসুক, বিহু প্রভৃতি।

শুক্রবার বিকালে পার্বত্য তিন জেলায় মৈত্রী পানি উৎসব উদযাপন করেছে মারমা জনগোষ্ঠী। তিন পর্বত্য জেলায় মারমারা এ উৎসব করলেও কক্সবাজার ও বরগুনায়ও উদযাপন করে রাখাইন তরুণ-তরুণীরা।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর:

বান্দরবান প্রতিনিধি জানান, জেলা শহরের রাজার মাঠে বিকাল ৪টায় আয়োজিত হয় সম্প্রীতির এই জলোৎসব।

উৎসবে আদিবাসী তরুণ-তরুণীদের সাথে পানি বর্ষণে অংশ নেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ অনেক বিদেশি পর্যটক।

উৎসবে যোগ দেওয়া পর্যটক সুমন ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ এক অসাধারণ দৃশ্য। মারমাদের সামাজিক অনুষ্ঠানটি আজ সর্বজনীন অনুষ্ঠানে পরিণত হয়েছে।

তরুণী এ এ সিং মারমা বলেন, “এটা বছরের একটা বড় উৎসব, যা আমাদের পুরনো বছরকে বিদায় জানানোর পাশাপাশি শরীরে ও অন্তরে জমে থাকা ময়লা-আবর্জনা ও দুঃখ-গ্লানি ধুয়ে-মুছে ফেলে।

“আর নতুন বছরকে বরণ করে নিয়ে পুরো বছরটিতে সমস্ত বাধা বিনাশ করে সুখ-শান্তি ও সমৃদ্ধ জীবনযাপনের জন্য পরস্পরের মধ্যে মৈত্রী স্থাপনে সহায়ক হয়। তাই এ অনুষ্ঠানের নাম মৈত্রী পানি বর্ষণ।”

শনিবার সন্ধ্যা পর্যন্ত উৎসব চলবে বলে জানিয়েছেন উদযাপন পরিষদের সভাপতি মং চিং নু মারমা। শনিবার সমাপনীতেও পানি বর্ষণ উৎসব হবে বলে তিনি জানান।

পানি বর্ষণ উৎসবের পাশাপাশি মারমা শিল্পীগোষ্ঠীর আয়োজনে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এদিকে উৎসব ঘিরে রাজার মাঠে বসানো হয়েছে তিন দিনব্যাপী কৃষিমেলা। মেলায় ৩৪টি স্টলে বিভিন্ন কৃষিপণ্য, বীজ, চারা, আধুনিক পদ্ধতিতে চাষাবাদের প্রক্রিয়া প্রদর্শন করা হয়েছে বান্দরবান কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে।

মেলা ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকটি স্তরে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

“নিয়মিত টহল দলের পাশাপাশি সাদা পোশাকে ফোর্স রয়েছে মাঠে। সাথে গোয়েন্দা সদস্যদের তৎপরতা বাড়ানো হয়েছে।”

রাঙামাটি প্রতিনিধি জানান, রাঙামাটির বড় উৎসবটি হয় কাপ্তাইয়ের চন্দ্রঘোনার চিৎমরম বৌদ্ধ বিহার মাঠে।

মারমা সংস্কৃতি সংস্থার (মাসস) আয়োজনে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ।

এরপর বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শুরু হয় ঐতিহ্যবাহী পানি খেলা। এ খেলায় অবিবাহিত তরুণ-তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে ভিজিয়ে দেয়।

উৎসব উদযাপন কমিটির সদস্যসচিব থোয়াইচিং মং মারমা বলেন, পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসুক, বিহু উৎসবকে কেন্দ্র করে মারমারা গত বছরকে বিদায় আর আগামী বছরকে স্বাগত জানাতে এ উৎসব করে থাকে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পানি খেলার মাধ্যমে বিগত বছরের সকল পাপ ও জীর্ণতা ধুয়ে-মুছে যায় বলে বিশ্বাস রয়েছে।

জেলা পরিষদ সদস্য অং সুই প্রু চৌধুরী বলেন, জলকেলি উৎসবের মাধ্যমে মারমা যুবক-যুবতীদের একে অন্যের সহচর্যে আসার সুযোগ হয়। এ সময় তারা তাদের প্রিয় মানুষটিকে বেছে নেওয়ার কাজও করে থাকে।

পানি খেলা দেখার জন্য হাজার হাজার নারী-পুরুষ, শিশু-কিশোর উৎসবস্থল চিৎমরম বৌদ্ধ বিহার মাঠে সমবেত হওয়ায় স্থানটি মিলনমেলায় পরিণত হয়।

উৎসবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা প্রশাসক শামসুল আরেফিন, পুলিশ সুপার সাঈদ মো. তারিকুল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, সেনা বাহিনীর কাপ্তাই জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।