পুলিশি বাধা উপেক্ষা করে সন্ধ্যায় যশোরে অনুষ্ঠান
পহেলা বৈশাখ বিকেলে যশোরের বিভিন্ন জায়গায় নববর্ষের অনুষ্ঠান পুলিশ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে শহরের টাউন হল ময়দানে সম্মিলিতভাবে প্রতিবাদ অনুষ্ঠান করছে সাংস্কৃতিক কর্মীরা।
পহেলা বৈশাখে এসব অনুষ্ঠান বন্ধের প্রতিবাদে যশোর শহরে মিছিলও হয়েছে।
সন্ধ্যা সাড়ে ৭টায় টাউন হল ময়দান থেকে যশোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ইকবাল কবির জাহিদ বলেন, “সম্মিলিত অনুষ্ঠান শুরু হয়েছে। চলবে রাত ৯টা/১০টা অবধি। পুলিশ বাধা দিলে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।”
টাউন হল ময়দানের অনুষ্ঠান চলতে দেওয়া হবে কি-না জানতে চাইলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সোহেল হাসান বলেন, “এ ব্যাপারে এখনও কোনো নির্দেশনা নেই।”
এ বছর বিকেল ৫টার মধ্যে ঢাকায় খোলা স্থানে নববর্ষের সব অনুষ্ঠান শেষ করার নির্দেশ দেয় পুলিশ। এছাড়াও বিভিন্ন স্থানে একই ধরণের নির্দেশ দেয় প্রশাসন। তবে এই নির্দেশ অমান্যের ঘোষণা দেয় যশোরের সাংস্কৃতিক সংগঠনগুলো।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে শহরের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক সংগঠনগুলোর নববর্ষের অনুষ্ঠান চলছিল। বিকেল ৫টা ১৫ মিনিটে এডিএম সোহেল হাসানের নেতৃত্বে একদল পুলিশ পৌরপার্কে শেকড় যশোরের অনুষ্ঠানস্থলে যান। তারা অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিলে শেকড় কর্তৃপক্ষ তা শুনতে চাননি। এ সময় পুলিশ শেকড়ের সাধারণ সম্পাদক রওশন আরা রাশুকে আটকের উদ্যোগ নেয়। হট্টগোলের মধ্যের বন্ধ হয়ে যায় অনুষ্ঠানটি।
এর পরপরই প্রশাসন কালেক্টরেট পার্কে চলমান চাঁদের হাটের অনুষ্ঠানও বন্ধ করে দেয় পুলিশ। পর্যায়ক্রমে বন্ধ করা হয় নবকিশলয় স্কুলে চলমান বিবর্তন যশোর ও সুরধুনী এবং জিলা স্কুল মাঠে পুনশ্চর অনুষ্ঠান।
সাংস্কৃতিক সংগঠন পুনশ্চর অনুষ্ঠান থেকে এর সাধারণ সম্পাদক পান্নালাল দেকে আটকের চেষ্টা করে পুলিশ বলে জানায় এক প্রত্যক্ষদর্শী।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল হাসান সন্ধ্যায় বলেন, “সরকারি নির্দেশনা অমান্য করে যারা অনুষ্ঠান চালাচ্ছিল, তাদের নিষেধ করা হয়েছে। নিষেধ করার পর সাংস্কৃতিক সংগঠনগুলো অনুষ্ঠান বন্ধ করে দেয়। কাউকে উচ্ছেদ করা হয়নি।”
এদিকে, অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সন্ধ্যায় তাৎক্ষণিকভাবে যৌথ মিছিল বের করে বিবর্তন, সুরধুনী ও পুনশ্চর সংগঠকরা।
এই প্রতিবাদ মিছিলে অংশ নেওয়া ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি ইকবাল ইকবাল জানান, অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার প্রতিবাদে তারা মিছিল করেন। পরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা শহরের দড়াটানা চত্বরে সমবেত হয়ে আধাঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে।
প্রতিবাদী সংস্কৃতি কর্মীরা পরে টাউন হল ময়দানে জড়ো হন। সেখানে সুরবিতানের অনুষ্ঠান চলছিল। বিভিন্ন সংগঠনের কর্মীরা এসে জড়ো হওয়ায় সুরবিতানের অনুষ্ঠানটি ‘সম্মিলিত অনুষ্ঠানে’ রূপ নেয়।
