২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইলে তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2016, 07:41 PM

Updated : 20 Aug 2022, 12:27 PM

বৃহস্পতিবারের এসব দুর্ঘটনায় আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছে বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের কামুটিয়া গ্রামের ফজলুল হকের ছেলে রেজাউল করিম (১৭) ও গোপালপুর উপজেলার নবগ্রামের শরাফত আলীর ছেলে মানিক মিয়া (১৬)। মানিক নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিল।

টাঙ্গাইল গোড়াই হাইওয়ে থানার এলেঙ্গা ফাড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর হোসেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়ায় ঢাকা থেকে টাঙ্গাইলগামী একটি কাভার্ড ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়।

এতে কাভার্ড ভ্যানের চালকসহ তিনজন আহত হয়। আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

দুপুরে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা একজনের মৃত্যু হয় বলে জানান তিনি।

“বিকেল পৌনে ৩টার দিকে বাসাইল-টাঙ্গাইল সড়কের নথখোলা এলাকায় পিকআপ ভ্যানের সংঘর্ষে মটরসাইকেল আরোহী নিহত হয়। এতে আহত হয় আরো একজন।”

তাদেরকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘাটাইল থানার ওসি কামাল হোসেন জানান, বিকেল ৫টার দিকে গোপালপুরের নবগ্রাম থেকে কয়েকজন কিশোর একটি পিকআপ ভ্যানে উচ্চশব্দযন্ত্র (সাউন্ড বক্স) নিয়ে মধুপুর যাচ্ছিল।

“পথে পিকআপ ভ্যানটি ঘাটাইল উপজেলার পাকুটিয়ায় মধুপুর থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ভ্যানটি। এতে ঘটনাস্থলেই মানিক নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও তিনজন।”

আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হচ্ছে গোপালপুর উপজেলার নবগ্রাম এলাকার আল-আমিন (১৫),  কামরুল হাসান (১৫) ও শাকিল আহম্মেদ।