মজুর হাটে বৈশাখ আছে উৎসব নেই
সবাই যখন বৈশাখী উৎসবে মেতে উঠছে তখন অধীর আগ্রহে হাঁকের অপেক্ষায় থাকেন যশোরের এক মজুর হাটে আসা দরিদ্র মানুষরা।
শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মোড়ে প্রতিদিন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই বসে এ শ্রম বাজার।
প্রতিবছর ধান কাটা, বাঁধা, মাড়াই ও রোপনের সময় এখানে বসে কৃষি মজুরের এই হাট। চলে পুরো ধানের মৌসুম জুড়ে।
পহেলা বৈশাখে সরেজমিন ওই হাট ঘুরে দেখেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এই প্রতিবেদক।
এখানে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরার আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগরের বিভিন্ন এলাকা থেকে আসেন ক্ষেতমজুর। স্থানীয়ভাবে এই হাটের শ্রমজীবীরা ‘দক্ষিণের জোন’ নামে পরিচিত। তারা বয়সে কেউ কিশোর, কেউ যুবক অথবা বৃদ্ধ। সবার চোখে প্রতীক্ষা ক্রেতার জন্য। ক্রেতা মিললে চলে দর কষাকষি, বনিবনা হলে জুটে যায় কাজ।
এই দিনমজুররা বিঘা প্রতি ধান কাটা, বাঁধা ও মাড়াইসহ যাবতীয় কাজের জন্য পান আড়াই হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত।
তবে সবার কাজ জোটে না। ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও যদি মহাজন না মেলে ফিরে যেতে হয় খালি হাতেই। পরদিন আবার আসেন তারা।
শ্যামনগরে বাসিন্দা নাভারন ফজিলাতুন নেছা মহিলা কলেজের শিক্ষক কার্তিক চন্দ্র মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাতক্ষীরায় মাছ চাষ বেশি হওয়ায় এই সময় ওখানে কৃষি শ্রমিকদের কাজ থাকে না। অল্প সময়ে বেশি উপার্জনের আশায় এসব দিনমজুর এখানে কাজ করতে আসেন।”
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাকৃতিক দুর্যোগের ভয় থাকায় অল্প সময়ের মধ্যে মাঠ থেকে ধান তোলায় ব্যস্ত এখানকার জমি মালিকরা।
“একই সঙ্গে সবাই ধান তোলা শুরু করায় উপজেলার সর্বত্র ব্যাপকভাবে কৃষি শ্রমিকের অভাব দেখা দিয়েছে।”
‘দক্ষিণের জোন’ খ্যাত বাইরের এই শ্রমিকরা আসায় সেই অভাব অনেকটা পূরণ হচ্ছে বলে জানান হীরক।
বেনাপোলের শেখারিপোতা গ্রামের আব্দুল গফ্ফার বারো বিঘা জমিতে ইরিবোরো ধান আবাদ করেছেন।
নাভারন-সাতক্ষীরা মোড়ে দাঁড়িয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“প্রতিদিন ঝড়বৃষ্টি হচ্ছে, তাই ধান তোলা নিয়ে বেশ ঝামেলায় আছি। শ্যামনগরের ছোটপুকুর গ্রামের শওকত আলির সাত সদস্যের একটি দলকে ধান কাটার জন্য বাজার থেকে নিয়ে এসেছি।”
কাজ না মেলায় মন ভালো নেই শ্যামনগর উপজেলার উল্টোপুর গ্রাম থেকে আসা শ্রমিক আব্দুর রাজ্জাকের (৪৫)
তাই পহেলা বৈশাখের উত্সবের প্রসঙ্গ তুলতেই ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠেন, “পহেলা বৈশাখ দিয়ে আমরা কী করব, আমাদের দরকার কাজ। ছয় জনের একটি দল নিয়ে দুদিন ধরে এখেনে আছি। দরদামে বনিবনা না হওয়ায় কাজে যাইনি।”
মহাজনরা তিনবেলা খাওয়াসহ প্রতিবিঘা জমির ধান কাটা, বাঁধা ও মাড়াইসহ যাবতীয় কাজের জন্য দুই হাজার টাকার বেশি দিতে চাচ্ছেন না; আর তিনি হাকছেন আড়াই হাজার টাকা। তাই এখনও তার কাজ জোটেনি।
শ্যামনগরের টেংরাখালী গ্রামের রফিকুল ইসলাম বলেন, “অন্যবারের চেইতে এবার কাজ কম। কাজের চেইতে বাজারে জোন (শ্রমিক) বেশি থাকায় আমাদের চাইদা কম। প্রতিদিন সবার কাজ জোটা কঠিন।”
এভাবেই চলে শার্শার নাভারনের প্রতিদিনের এই শ্রমবাজার। শ্রমবাজারের কোনো নিয়ন্ত্রক নেই। দিনে এই বাজার থেকে পাঁচ শতাধিক মজুরের কাজ জোটে বলে জানান স্থানীয়রা।
মজুর নিতে আসা সুবর্ণখালি গ্রামের তবিবর রহমান বলেন, “একযোগে সবার ধান কাটা শুরু হয়েছে, স্থানীয় শ্রমিকরা প্রতিবিঘা মজুরি নিচ্ছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা।”
এই বাজারে এক সঙ্গে অনেক শ্রমিক পাওয়া যায়। তাদের শ্রমের মূল্যও তুলনামূলকভাবে কম বলে জানান তবিবর রহমান।
