ইউপি নির্বাচনী সহিংসতা: যুবক নিহতে আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহতের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়ার বিরুদ্ধে মামলা হয়েছে।
এ মামলায় অঙ্গ সংগঠনসহ আওয়ামী লীগের নেতাকর্মীসহ অর্ধশত লোকের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, সংঘর্ষে নিহতের ঘটনায় নিহত জাহাঙ্গীরের খালা মাসুদা বেগম বাদী হয়ে মামলা করেছেন।
“বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
গত সোমবার রাতে গণসংযোগে বাধা দেয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক যুবক নিহত হন।
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভুঁইয়া বলেন, “নিহত জাহাঙ্গীর আলম চেয়ারম্যান প্রার্থী জাব্বারের বাড়িতে হামলা করার সময় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছিল। তারপর তার মৃত্যু রহস্যজনক।
“তাছাড়া মামলার বাদী নিহতের কেউ নন।
“এটা রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে এবং আওয়ামী লীগকে ধ্বংস করার জন্যই এই মামলা করা হয়েছে।”
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুড়াপাড়া ইউনিয়ন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পান এমপি সমর্থিত তোফায়েল আহমেদ আলমাছ। এদিকে দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ হন উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া সমর্থিত ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল জাব্বার। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ নিয়ে মুড়াপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দুইভাগে বিভক্ত হয়ে পড়ে।
গত সোমবার গভীর রাতে এই দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ব্যাপক গোলাগুলিসহ বসতবাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয় ১৫ জন।
এদের মধ্যে গুরুতর আহত জাহাঙ্গীর আলম মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জাহাঙ্গীরের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার রাতেই নিহতের খালা মহিলা লীগ নেত্রী মাকসুদা বেগম বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান ভূঁইয়া ও চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল জাব্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলীমউদ্দিন, আওয়ামী লীগ নেতা ফিরোজ আলী, জুলহাস, আকতার, যুবলীগ নেতা ও চেয়ারম্যান প্রার্থী ভিপি মনির, যুবলীগের কাজল, মতি মেম্বার, মিলন, জিসান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বকুল, যুবলীগ নেতা সুমন, সাদ্দাম, কবির, মোজাম্মেল, মোস্তফা, রোমান, মাঈনুল, রমজান, সোলাইমান, মোক্তার, সাদু, আউয়ালসহ আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
