২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাইজদীতে বাণিজ্যিক পার্ক নির্মাণে নিষেধাজ্ঞা

নোয়াখালীর মাইজদীতে বড় দীঘির দক্ষিণ পারে সরকারি জায়গায় বাণিজ্যিক ড্রিম পার্ক নির্মাণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 10:39 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

পুরনো খবর:

সরকারি জায়গায় বাণিজ্যিক পার্কের প্রতিবাদ

জেলা কৃষক লীগের সহ-সভাপতি সহিদ সারওয়ার ও মুক্তিযোদ্ধা এমরান মো. আলীসহ কয়েকজন জনস্বার্থে রিট আবেদন করলে আদালত এই নিষেধাজ্ঞা জারি করে।

রিট আবেদনকারীদের আইনজীবী গিয়াস উদ্দিন চৌধুরী বুধবার এক বিজ্ঞপ্তিতে জানান, আগামী তিন মাস নির্মাণকাজ বন্ধ রাখার নিষেধাজ্ঞা জারি করে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ।

একই সাথে বাণিজ্যিক ড্রিম পার্ক নির্মাণ কেন অবৈধ ঘোষণা করা হবে না এ মর্মে রুলও জারি করে আদালত। 

স্থানীয় সরকার সচিব, নোয়াখালীর জেলা প্রশাসক, নোয়াখালী পৌরসভার মেয়রসহ সংশ্লিষ্ট ৭ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আবেদনকারীদের অভিযোগ, দীঘিটি জেলা শহরের ইতিহাস-ঐতিহ্যের অংশ। এটি জেলার অন্যতম দর্শনীয় স্থান। দীঘির দক্ষিণ পার এলাকাটি ভাষা আন্দোলন ও স্বাধীনতার স্মৃতিবিজড়িত। প্রায় ২৫ বছর ধরে এখানে মুক্তিযুদ্ধের বিজয় মেলা, বইমেলা ও বৈশাখী উৎসব হয়ে আসছে। গণপূর্ত বিভাগের এই জায়গাটি শহরের একমাত্র মুক্ত এলাকা।