সরকারি জায়গায় বাণিজ্যিক পার্কের প্রতিবাদ
নোয়াখালীতে শহীদ মিনারসহ কয়েকটি সরকারি স্থাপনা ইজারার নামে দখলে নিয়ে বাণিজ্যিক পার্ক নির্মাণ করায় প্রতিবাদ হয়েছে।
শনিবার জেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানায় নাগরিক অধিকার মোর্চা নামে একটি সংগঠন।
অপরদিকে জায়গাটি গণপূর্ত বিভাগের বলে দাবি করে মামলা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোর্চার যুগ্ম আহ্বায়ক আইনজীবী মোল্লা হাবিবুর রাসুল মামুন বলেন, মাইজদী পৌর কর্তৃপক্ষের সহযোগিতায় শহীদ মিনার, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, মুক্তিযুদ্ধের বিজয় মেলা ও বৈশাখী মেলা প্রাঙ্গণের সরকারি জায়গা ইজারার নামে দখলে নিয়ে বাণিজ্যিক পার্ক নির্মাণ করছে আলিফ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে জামায়াতে ইসলামী-সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান।
এখানে দেয়াল ঘেরা বাণিজ্যিক পার্ক নির্মিত হলে শহরের ঐতিহ্য-সংস্কৃতি ও জীবনমান ভেঙে পড়বে বলে তিনি অভিযোগ করেন।
মোর্চার আরেক যুগ্ম আহ্বায়ক নুরুল আলম মাসুদ অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৯৯৭ সালের ঘোষণা অনুযায়ী ২০১২ সালে পৌরসভা দিঘির উত্তর ও পূর্ব পাড়ে একটি পার্ক তৈরি করেছে।
“এখন পৌরসভার সহযোগিতায় স্বাধীনতা ও জাতীয় জীবনের এসব গুরুত্বপূর্ণ স্থাপনাকে সংকুচিত করে পার্ক নির্মাণ করছে জামায়াতে ইসলামী-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি।”
নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির প্রধান নির্বাহী আবদুল আউয়াল অভিযোগ করেন, “নোয়াখালী পৌরসভা নাগরিকদের সাথে কোনো প্রকার আলাপ-আলোচনা না করেই সরকারি জায়গা অ্যামিউজমেন্ট পার্কের জন্য বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দিয়েছে।
“আমরা এই ধরনের সীমাবদ্ধ পার্ক চাই না যেখানে নাগরিকদের টিকিট কেটে প্রবেশ করতে হবে।”
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ কিউ এম শাহজালাল মজুমদার বলেন, “নোয়াখালী পৌরসভা জোর করে গণপূর্ত বিভাগের জায়গা দখলে নিয়ে বেসরকারি একটি প্রতিষ্ঠানকে দিয়ে পার্ক করাচ্ছে। এ বিষয়ে আমরা আদালতে মামলা করেছি। তার পরও তারা জোরপূর্বক পার্কের কাজ চালিয়ে যাচ্ছে।”
সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালীর সহ-সভাপতি মহিউদ্দিন ফারুক বলেন, “ঐতিহ্যবাহী বড় দিঘির পাড়ে কোনো বাণিজ্যিক পার্ক আমরা মেনে নেব না।”
দিঘিটির সব পাড় তিনি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখার দাবি জানান।
অভিযোগ বিষয়ে পৌরসভার মেয়র মো. হারুনুর রশিদ আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন, কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান না বুঝেই পার্কের বিরোধিতা করছে। জায়গাটির মালিক গণপূর্ত বিভাগ হলেও পৌরসভা দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ করে আসছে।
“তাছাড়া পৌরসভা প্রতীকী মূল্যে জায়গাটি পাওয়ার জন্য গণপূর্ত বিভাগের কাছে আবেদন করে এবং তাতে স্থানীয় সাংসদ ও গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলীর সম্মতি রয়েছে। এখানে পার্ক হলে শহরের শিশু-কিশোররা বিনোদনের সুবিধা পাবে।”
একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মেয়র দাবি করেন।
