ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার
কুড়িগ্রামে ডাস্টবিন থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাতে স্থানীয় দুই ব্যক্তি ওই নবজাতককে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে আসেন বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নজরুল ইসলাম।
তিনি বলেন, “রেলস্টেশন পাড়ার ময়নুল ও জিতু নামে দুই ব্যক্তি শহরের পুরাতন রেলস্টেশন সংলগ্ন পৌরসভার ডাস্টবিন থেকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসে বলে জানায়। ধারণা করা হচ্ছে ওই নবজাতককে জন্মের দুই ঘণ্টার মধ্যে ডাস্টবিনে ফেলা রাখা হয়েছে।
“শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তার নাম দিয়েছে বৈশাখী।”
ময়নুল বলেন, পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় শিশুর কান্নার শব্দ পেয়ে এগিয়ে যান। সামনে গিয়ে ডাস্টবিনে শিশুটিকে পড়ে থাকতে দেখে আরেক পথচারী জিতুকে ডেকে নেয়। এরপর দুজনে মিলে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যান বাচ্চাটিকে।
পুরাতন রেলস্টেশন পাড়া এলাকার শাহ আলম জানান, তার স্ত্রী খাদিজা বেগম শিশুটিকে দত্তক নিতে চায়। এজন্য শিশুটির দেখভাল করছে হাসপাতালে।
খাদিজা বেগম বলেন, “আমি বাচ্চাটিকে দত্তক নিতে চাই। দিতে চাই সামাজিক পরিচয়।”
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক অজয় কুমার রায় বলেন, পরিচয়বিহীন শিশুটির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে।
“তাদের দিক নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
