২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার পরিকল্পনা: ময়মনসিংহে ৪ জেএমবি আটক

বর্ষবরণের অনুষ্ঠানে নাশকতার পরিকল্পনার অভিযোগে ময়মনসিংহ সদরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সন্দেহভাজন চার সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 09:24 AM

Updated : 11 Oct 2022, 08:05 PM

তাদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে বলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইমারত হোসেন জানিয়েছেন।

এরা হলেন- আলমগীর হোসেন (২২), জাহাঙ্গীর হোসেন (২৫), হাসান আলী (২২) ও বিল্লাল হোসেন (৪৩)।

তিনি বলেন, মঙ্গলবার রাত ৩টার দিকে দাপুনিয়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়।

“পহেলা বৈশাখে বিভিন্ন জায়গায় নাশকতার জন্য দাপুনিয়ায় একটি বাড়িতে চার জেএমবি সদস্য বৈঠক করছিল। এ খবর পেয়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। বোমা তৈরির সরঞ্জামসহ তাদের আটক করা হয়।”

এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি ইমারত ।

২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে নববর্ষের অনুষ্ঠানে হরকাতুল জিহাদের বোমা হামলায় ১০ জন নিহত হন। আহত হন আরো অনেকে। এর পর কয়েক বছরে জঙ্গি তৎপরতার জন্য জেএমবির নাম বার বার সংবাদ শিরোনামে আসে।  

২০০২ সালের ৭ ডিসেম্বর ময়মনসিংহ শহরের চারটি সিনেমা হলে জেএমবি জঙ্গিদের বোমা হামলায় শিশু ও নারীসহ ১৮ জন নিহত হন, আহত হন দেড় শতাধিক মানুষ।

এরপর নিজেদের শক্তির জানান দিতে ২০০৫ সালের ১৭ অগাস্ট দেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা চালায় জেএমবি। সেদিন ময়মনসিংহেও জজকোর্ট সংলগ্ন স্থান ও কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বোমা হামলা হয়।