সিলেটে ফিলিং স্টেশনে ধর্মঘট প্রত্যাহার
সিলেটের দক্ষিণ সুরমায় একটি সিএনজি ফিলিং স্টেশনে ভাংচুর ও লুটপাটের অভিযোগে ডাকা বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার রাতে সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমদের সাথে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী।
তিনি সাংবাদিকদের বলেন, সোমবার সাউথ সুরমা সিএনজি অ্যান্ড পেট্রোলিয়াম ফিলিং স্টেশনে হামলাকারীদের বিরুদ্ধে মামলা নেওয়া ও জড়িতদের শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছে প্রশাসন। তাই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে সিলেট বিভাগের চার জেলায় দেড় শতাধিক পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনে জ্বালানি বিক্রি বন্ধ থাকে।
সোমবার দুপুরে শহরের নাইওরপুল মাইক্রোবাস স্ট্যান্ডের সভাপতি নাজির মিয়া সাউথ সুরমা সিএনজি অ্যান্ড পেট্রোলিয়াম ফিলিং স্টেশনে লাইন ভেঙে গ্যাস নিতে চাইলে কর্মচারীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
এর জেরে ‘নাজির মিয়ার সহযোগীরা বিকাল সাড়ে ৩টার দিকে ফিলিং স্টেশনে হামলা চালিয়ে ভাংচুর করে এবং ক্যাশ কাউন্টার থেকে চার লাখ টাকা লুট করে’ নিয়ে যায়।
সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন নেতাদের অভিযোগ, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের ‘নির্দেশে’ ফিলিং স্টেশনে ওই হামলা ও লুটের ঘটনা ঘটে।
ঘটনার পর দক্ষিণ সুরমা থানায় মামলা করতে গেলে পুলিশ ফলিকের নাম বাদ দেওয়ার পরামর্শ দেয়।
ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্প মালিকরা ‘মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান না পেয়ে’ ধর্মঘটের ডাক দেন।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি, বাংলাদেশ ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি এবং সিলেট জেলা ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করে।
এদিকে পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনের ধর্মঘট প্রত্যাহার করায় সিএনজিচালিত অটোরিকশার চালকরাও মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেছে।
অপরদিকে ফিলিং স্টেশনে ধর্মঘটের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘটের হুমকি দিয়েছিল।
