২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে নির্বাচনী সহিংসতায় আহত যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার এক ইউনিয়নে নির্বাচনী গণসংযোগের সময় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 09:52 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর আলমের (৩৫) মৃত্যু হয় বলে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মেহেদী মাসুদ জানান।

জাহাঙ্গীর মঙ্গলখালী এলাকার ইলিয়াছ আলীর ছেলে ও আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদ আলমাছের সমর্থক।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত ৯টায় মুড়াপাড়া ইউনিয়নের বড়ভিটা এলাকায় আওয়ামী লীগ প্রার্থী আলমাছ ও বিদ্রোহী’ প্রার্থী আব্দুল জাব্বারের লোকজন গণসংযোগে নামে।

“এ সময় উভয় পক্ষের বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বেঁধে গেলে বড়ভিটা এলাকার জাহাঙ্গীর আলম, মাসুদ মিয়া, রাজু মিয়া, শাকিল মিয়া, শরিফ মিয়া, মিজানুর রহমান, আমজাদ হোসেনসহ অন্তত ১৫ জন আহত হন।”

তাদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তির পর মঙ্গলবার সকালে জাহাঙ্গীরের মৃত্যু হয়।

পরিদর্শক মেহেদী জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জাহাঙ্গীরের পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে।