বিএসএমএমইউ চিকিৎসকের ক্লিনিক থেকে সরকারি ইনজেকশন উদ্ধার
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক চিকিৎসকের মালিকানাধীন ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ সরকারি ইনজেকশন পেয়ে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সাভারে ডা. জামাল উদ্দিনের মালিকাধীন ‘জামাল ক্লিনিক’ এ মঙ্গলবার দুপুরে র্যাব অভিযান চালিয়ে তিন হাজার ৯০০টি সরকারি ইনজেকশন উদ্ধারের কথা জানায় র্যাব, যা সরকারি হাসপাতালের রোগীদের বিনামূল্যে বিতরণের জন্য সরবরাহ করা হয়ে থাকে।
ক্লিনিকের ব্যবস্থাপক মারুফা ইসলামকে (৩০) এবং ক্লিনিকের ফার্মেসির মালিক মো. ফারুক আহমেদকে দুই লাখ করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে অবস্থিত ‘জামাল ক্লিনিক’ এ অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর মাসুদুর রহমান এবং র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
মেজর মাসুদুর জানান, জরিমানার টাকা পরিশোধ করায় এবং লিখিতভাবে ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না বলায় অভিযুক্ত দুই জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
ম্যাজিস্ট্রেট আনিছুর জানান, জামাল ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে রোগীদের চিকিৎসা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করা হয়।
“এ সময় জামাল ক্লিনিকের ফার্মেসি থেকে বিপুল পরিমাণ সরকারি ইনজেকশন জব্দ করা।”
র্যাবের অভিযানের সময় ডা. জামাল ছিলেন না। তিনি কৌশলে পালিয়ে যান বলে জানিয়েছে স্থানীয়রা।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার জামালের কোনো বক্তব্যও পাওয়া যায়নি।
