সাংসদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ
মাগুরা-১ আসনের (শ্রীপুর) সংসদ সদস্য এ টি এম আব্দুল ওয়াহ্হাবের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে।
উপজেলার ৩ নম্বর শ্রীকোল ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া সোমবার এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা মধুসূদন সাহা।
লিখিত অভিযোগে কুতুবুল্লাহ জানান, তার নির্বাচনী এলাকা শ্রীকোল ইউনিয়নের শিকদার পাড়া মসজিদ টুপিপাড়াতে সাংসদ ওয়াহ্হাব নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য লোকজনকে নির্দেশ দিয়েছেন।
‘এছাড়াও নির্বাচনী প্রচারের সাংসদ টুপিপাড়া গ্রামে তার নিজ বাড়িতে সোমবার আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের আমন্ত্রণ দিয়ে প্রীতিভোজের আয়োজন করেছেন।’
মধুসূদন সাহা বলেন, “অভিযোগ পেয়েছি।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
এ বিষয়ে জানতে সাংসদ আব্দুল ওয়াহ্হাবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে
পাওয়া যায়নি।
