২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইনজেকশনে ইউপি সদস্য প্রার্থী হত্যা’

নিখোঁজের দুইদিন পর বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক সদস্য পদপ্রার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 02:50 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

মঙ্গলবার বান্দরবান শহরের একটি আবাসিক হোটেলে মংনু মারমার (৩২) লাশ পাওয়ার কথা জানান রুমা থানার ওসি মো. শরিফুল ইসলাম।

মংনু পউন্দু ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন। তার বাড়ি রুমা উপজেলার নিয়াক্ষ্যং পাড়ায়। রোববার বান্দরবান থেকে নিখোঁজ হন তিনি।

তাকে ইনজেকশনে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, সকালে মংনুর স্ত্রী শৈমাসং মারমা রুমা থানায় একটি ডায়েরি করেন। পরে বেলা ১২টার দিকে বান্দরবানের ‘প্রু’ আবাসিক হোটেলের ১০৫ নম্বর কক্ষ তার লাশ উদ্ধার করা হয়। 

মংনু মারমার বড় ভাই সেচ্ছাসেবক লীগ নেতা মইনু মারমা বলেন, রোববার নির্বাচনী পোস্টার ডেলিভারি আনতে বান্দরবানে যান মংনু। রাতে তার সঙ্গে মোবাইলে কথা হয়। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। 

মইনু বলেন, “খোঁজাখুঁজির সময় আমারা যোগাযোগ করে জানতে পারি সে পোস্টারগুলোও দোকান থেকে সংগ্রহ করেনি।”

পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উহ্লামং মারমা বলেন, “সোমবার বিকাল ৩টা পর্যন্ত মংনুর মোবাইল খোলা ছিল। তবে বার বার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।” 

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম বলেন, “প্রতিপক্ষের লোকজন ‘ইনজেকশন দিয়ে’ তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।

আগামী ২৩ এপ্রিল পাইন্দু ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ হবে।