২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ দিন আটকে রাখা হয়েছিল একটি ঘরে: সোহাগ

কলেজছাত্রী তনুর ভাইয়ের বন্ধু মিজানুর রহমান সোহাগ বাড়ি ফিরে আসার পর বলেছেন, চোখ-হাত বেঁধে তাকে তুলে নিয়ে যাওয়ার পর একটি ঘরে আটকে রাখা হয়েছিল ১৬ দিন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 02:11 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

পুরনো খবর:

১৬ দিন পর ফিরল তনুর ভাইয়ের বন্ধু সোহাগ

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গত ২৭ মার্চ তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের অভিযোগ।

মঙ্গলবার ভোরে কুমিল্লা সেনানিবাস সংলগ্ন নাজিরাবাজার এলাকায় ‘তাকে পেয়ে’ বাড়িতে নিয়ে আসেন বাবা নুরুল ইসলাম।

তিনি বলেন, ওই সময় তার ঘুম ঘুম ভাব ছিল। কথাবার্তা বলছিলেন কিছুটা এলোমেলো। শরীর দুর্বল থাকায় বাড়িতে স্যালাইন দেওয়া হয়।    

সোহাগের বরাত দিয়ে তিনি বলেন, ভোরে বাড়ির কাছে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের নারায়ণসার মোড়ে একটি মাইক্রোবাস থেকে তার ছেলেকে নামিয়ে দেওয়া হয়। ওই গাড়িতে চালক ছাড়া আর কেউ ছিল না। 

“চালক গাড়ি থেকে নামিয়ে দিয়ে বাড়ির রাস্তা দেখিয়ে দেয় বলে সোহাগ জানিয়েছে।”

সকালে নিজ ঘরে বসে ওইদিনের কথা বলতে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “এখানে শুয়েছিলাম; এখান থেকেই নিয়ে গেছে। ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে চোখ-হাত বেঁধে নিয়ে গেছে।”

এক প্রশ্নের জবাবে সোহাগ বলেন, তাকে মারধর বা জিজ্ঞাসাবাদ করা হয়নি; খাবারদাবার সময়মতো দেওয়া হয়েছে।

সোহাগের বাবা নুরুল ইসলাম মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর সাড়ে ৬টার দিকে তিনি হাঁটতে বেরিয়ে বাড়ির কাছে কুমিল্লা সেনানিবাস সংলগ্ন নাজিরাবাজার এলাকায় গিয়েছিলেন। সেখানেই তিনি তার ছেলেকে বাড়ির দিকে আসতে দেখেন এবং বাসায় নিয়ে আসেন।

তবে ছেলেকে খুব বিমর্ষ ও ফ্যাকাসে দেখাচ্ছিল বলে জানান নুরুল ইসলাম।

এ বিষয়ে খোঁজ নিতে ফোন করলে বুড়িচং থানার ওসি উত্তম কুমার বলেন, “সোহাগের বাড়ি ফেরার বিষয়ে আমরা কিছু জানি না। তার পরিবার আমাদের জানায়নি।” 

গত ২০ মার্চ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার ঘটনায় সারা দেশে প্রতিবাদের মধ্যেই ২৭ মার্চ সোহাগকে ধরে নেওয়া হয় বলে অভিযোগ করেছিলেন তার বাবা নুরুল ইসলাম।

তিনি বলেছিলেন, সেদিন রাত দেড়টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাধারণ পোশাকের আটজন তাদের বাড়িতে ঢোকে। প্রথমেই তারা তার মেয়ের মোবাইল ফোন নিয়ে নেয়। পরে সোহাগের দুটি মোবাইল নিয়ে তাকে ঘর থেকে বের করে সাদা একটি মাইক্রোবাসে করে নিয়ে যায়।

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দেওয়ায় পরিচয়পত্র দেখতে চাইলেও তারা তা দেখায়নি বলে সাংবাদিকদের জানিয়েছিলেন সোহাগের মা শাহিদা বেগম।

তবে র‌্যাব বা পুলিশ কেউই সোহাগ নামে কাউকে গ্রেপ্তার কিংবা আটকের কথা স্বীকার করেনি। ছেলের খোঁজ না পেয়ে ৩০ মার্চ বুড়িচং থানায় সাধারণ ডায়েরি করেন  নুরুল ইসলাম।