নড়াইলে ডাকাতের হামলায় আহত নারীর মৃত্যু
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় গ্রামের এক নারী ডাকাতের হামলায় আহত হওয়ার তিনদিন পর মারা গেছেন।
মৃত অলকা সাহা (৫০) দিঘলিয়ায় গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ কুমার সাহার স্ত্রী।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান দিলীপ সাহা।
তিনি সাংবাদিকদের বলেন, শুক্রবার রাত ২টার দিকে ১০/১২ জনের একটি ডাকাতদল জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে।
“প্রতিরোধ করতে গেলে তারা আমাদের দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে আলমারি ভেঙে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।”
ডাকাতরা চলে যাওয়ার পর এলাকাবাসী তাদের হাসপাতালে নিয়ে যান বলে জানান দিলীপ।
লোহাগড়া থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, “আহত অলকা সাহা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে শুনেছি।”
ঘটনার পর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
